এবার জাকসু নির্বাচন বর্জন ‘সংশপ্তক পর্ষদে’র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা ও ছাত্রশিবিরকে ভোট জালিয়াতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের প্যানেলও এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
‘সংশপ্তক পর্ষদ’ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বেশকিছু অভিযোগও তুলে ধরা হয়েছে। এগুলো হলো—
- ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে। ভোটকেন্দ্রে পূর্ণ করা ব্যালটও উদ্ধার করা হয়েছে;
- শহিদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও সেখানে মোট ৪০০টি ব্যালট পেপার পাওয়া গেছে;
- ভোটার তালিকায় ছবি সংযুক্ত না থাকায় যেকোনো ব্যক্তি এসে ভোট দিতে পেরেছে। রফিক-জব্বার হল থেকে এর প্রমাণও মিলেছে;
- প্রতিটি হলে বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান দেখা গেছে;
- বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণসহ আরও নানা অনিয়ম ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশপ্তক পর্ষদের সংবাদ বিজ্ঞপ্তি
এ অবস্থায় সংশপ্তক পর্ষদ প্যানেল নির্বাচন বর্জন করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা জাকসুতে অংশগ্রহণকারী সব প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে প্রশাসন ও ছাত্রশিবিরের এই ভোট ডাকাতির চক্রান্তকে প্রতিহত করার জন্য সকলে একতাবদ্ধ হতে হবে।














-e8d740-256x144.webp)



