আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

নাজমুল ইসলাম হৃদয়
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২৩: ০২
(ওপরের সারিতে বাঁ থেকে) আফরোজা আব্বাস, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, হাসিনা আহমদ ও অপর্ণা রায়; (দ্বিতীয় সারিতে বাঁ থেকে) হাসনা জসিমউদ্‌দীন মওদুদ, কনকচাঁপা, বেবী নাজনীন ও রিজিয়া পারভীন; (নিচের সারিতে বাঁ থেকে) রুকাইয়া জাহান চমক, ফারজানা সিঁথি, মেঘনা আলম ও ফারজানা বুবলী। কোলাজ: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জনের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে এবার ব্যাপক আগ্রহ দেখা যায়। মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী আবেদন জমা দেন। গত ১৭ ও ১৮ এপ্রিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেয়। সেই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। চূড়ান্ত তালিকায় সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে জনপ্রিয় নেত্রী-তারকাদের অনেকেই স্থান পাননি।

মনোনয়নবঞ্চিতদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। দলের প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের স্ত্রী হওয়ায় তার মনোনয়ন প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছিল। এ ছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও তালিকায় স্থান পাননি। চাঁপাইনবাবগঞ্জের এই নেত্রী নবম সংসদেও সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করেছিলেন।

এ ছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনও মনোনয়ন পাননি। কনকচাঁপা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের একটি আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন। অন্যদিকে বেবী নাজনীন দীর্ঘদিন ধরে বিদেশের মাটিতেও দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। শুধু তারা নন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ— রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার এবং ফারহানা চৌধুরীরও শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাননি।

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। কয়েক দিন আগেই ঘটা করে বিএনপিতে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন না তিনি। একই ভাগ্য বরণ করতে হয়েছে আলোচিত মডেল মেঘনা আলমকে। গণ অধিকার পরিষদ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসা মেঘনা বিএনপির মনোনয়ন ফরম নিলেও জায়গা পাননি চূড়ান্ত তালিকায়।

পল্লিকবি জসীমউদ্‌দীনের জ্যেষ্ঠ কন্যা ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ, বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেত্রীও এবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।

এ ছাড়া দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরীর নামও নেই তালিকায়।

পারিবারিক আবহে আলোচনার কেন্দ্রে থাকা প্রার্থীদের ক্ষেত্রেও মিশ্র চিত্র দেখা গেছে। বিএনপি নেতা বর্তমান সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় মনোনয়ন না পেলেও তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। অন্যদিকে প্রয়াত নেতা নাসির উদ্দীন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকারসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী মনোনয়নবঞ্চিত হয়েছেন।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনায় আসা ফারজানা জাহান সিঁথি এবং কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর সাবেক পুত্রবধূ ফারজানা বুবলীকে নিয়েও বেশ আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পাননি তারা। এ ছাড়া তালিকায় নাম আসেনি সামিরা তাজরিন, মাহরীন খানের মতো আলোচিত মুখগুলোরও।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদেরই বেশি গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া সেলিব্রিটিদের রাজনীতিতে অংশগ্রহণকে স্বাগত জানিয়েছিলেন তিনি। আজ সংবাদ সম্মেলনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করার পরে তিনি বলেন, দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

এদিকে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও দলীয় সূত্র বলছে, যারা ত্যাগী কিন্তু এবার তালিকায় স্থান পাননি, ভবিষ্যতে তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হতে পারে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, সব তথ্য ও রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে সার্বিক বিবেচনায় এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৪ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৪ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৬ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৭ দিন আগে