দুষ্কৃতিকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির

দুষ্কৃতিকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভাঙচুর ও লুটপাট হওয়া মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকটি অবিলম্বে পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও এর পেছনের ‘ক্রীড়ানকদের’ গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে রাড্ডা ক্লিনিকের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব দাবি জানান। দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল।
সমাবেশে বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার ও মোতালেব হোসেন এবং সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সদস্য ও মিরপুরের নেতা মো. রিয়াজউদ্দিন।
বক্তারা বলেন, রাড্ডা ক্লিনিকের মতো গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাপ্রতিষ্ঠান দখলদারিত্বের উদ্দেশ্যে ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার স্বার্থে অবিলম্বে ক্লিনিকটি পুনর্নির্মাণ এবং ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনাকে ‘নেক্কারজনক’ উল্লেখ করে বক্তারা আরও বলেন, এ ঘটনায় দেশের মানুষ বিক্ষুব্ধ হয়েছে। অবিলম্বে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে। যারা সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এবং এই লুটপাটের সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
সিপিবির ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল সমাবেশে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব, কল্লোল বণিকসহ বিভিন্ন থানা শাখার নেতারাও সমাবেশে অংশ নেন।
















