মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: কোলাজ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: কোলাজ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে তার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্ধুতপ্রতীম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

বার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শি জিনপিং।

নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট। আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল দৃশ্যমান হবে। এতে দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস সেদিন রাতেই তাকে অভিনন্দন জানিয়েছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement