চুক্তির সময় ফুরিয়ে আসছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করার ‘সময় ফুরিয়ে আসছে’ বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘চুক্তির জন্য ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে। আমার হাতে অগাধ সময়, কিন্তু ইরানের হাতে নেই, ঘড়ি টিকটিক করছে।’
ট্রাম্প আরও বলেন, ‘ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের নেতারা আর আমাদের মাঝে নেই। কড়া ও শক্তিশালী অবরোধ চলছে। এখান থেকে পরিস্থিতি কেবল আরও খারাপই হবে।’
এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প জানান, পারমাণবিক অস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, ‘কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? সেটা ছাড়াই, গতানুগতিক অস্ত্রের সাহায্যেই আমরা তাদের পুরোপুরি ধসিয়ে দিয়েছি।’
কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয় বলে উল্লেখ করেন ট্রাম্প। এ ছাড়া কোনো ইরানি নৌযান হরমুজ প্রণালিতে মাইন পাতছে, এমনটা দেখা গেলে তাৎক্ষণিক ওই নৌযানকে ধ্বংস করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে পরবর্তী দফা শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের কারণে তেহরান তাতে অংশ নিতে আপত্তি জানায়।
যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালি থেকে দূরে ইরানি জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, কয়েকটি জাহাজ জব্দেরও খবর পাওয়া গেছে। এদিকে ইরানও সম্প্রতি দুটি বিদেশি জাহাজ আটক করেছে। এ ছাড়া একাধিক জাহাজের ওপর গুলিও চালিয়েছে দেশটি।



















