ট্রাম্পের সঙ্গে বৈঠক, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সহায়তা চাইলেন জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় ৪০ মিনিটের বৈঠকে দুই নেতা যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন। এ সময় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার পালটা হামলা বন্ধে ট্রাম্পের সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমরা জ্বালানি খাতে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তারা যদি আমাদের জ্বালানি ব্যবস্থা, বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহে হামলা না করে, তাহলে আমরাও তাদের ডিজেল, শোধনাগারসহ জ্বালানি স্থাপনায় হামলা করব না।
ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন জেলেনস্কি। বলেন, দুই দেশই শীতের আগে যুদ্ধের অবসান চায় এবং বৈঠকে এমন কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে, যা কূটনীতির পথ খুলে দিতে পারে।
রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা নিয়ে ট্রাম্পের উদ্বেগ
সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে। এসব হামলায় রাশিয়ার জ্বালানি পরিশোধন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে ট্রাম্প প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন।
বৈঠকের আগে ট্রাম্প বলেন, রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের হামলা দেশটির জন্য বড় আঘাত হলেও এর প্রভাব আন্তর্জাতিক ডিজেলের দামের ওপরও পড়ছে। তিনি জানান, জেলেনস্কির সঙ্গে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলার বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফলে শীত ঘনিয়ে আসার আগে ইউক্রেনের জ্বালানি সরবরাহব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, (ট্রাম্পকে সঙ্গে নিয়ে) আমি একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত। এর অর্থ, আমি যুদ্ধের অবসান চাই।
তবে পুতিন আলোচনায় ফিরতে আগ্রহী— এমন কোনো লক্ষণ তিনি দেখেননি বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে রাশিয়াকে আলোচনার টেবিলে ফেরাতে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ট্রাম্প জাতিসংঘে দেওয়া ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এখন জ্বালানি অবকাঠামোয় পারস্পরিক হামলা বন্ধের প্রস্তাবটি যুদ্ধের বিস্তৃত শান্তি আলোচনার আগে একটি সীমিত সমঝোতার ক্ষেত্র তৈরি করতে পারে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো এ প্রস্তাবে চূড়ান্ত সম্মতির ঘোষণা আসেনি।



















