ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৫, বিদ্যুৎবিচ্ছিন্ন ৫ অঞ্চল

ডেস্ক, রাজনীতি ডটকম
রুশ হামলায় আগুন জ্বলছে ইউক্রেনের চেরনিহিভে। ছবি: ইউক্রেনের জরুরি সেবা/ কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট
রুশ হামলায় আগুন জ্বলছে ইউক্রেনের চেরনিহিভে। ছবি: ইউক্রেনের জরুরি সেবা/ কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

ইউক্রেনের জ্বালানি ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে দেশটির পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। শীতের মধ্যে নতুন করে এসব হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) রাতভর চালানো হামলায় দেশটির বিদ্যুৎকেন্দ্র, গ্যাস উৎপাদন স্থাপনা, আবাসিক ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের উপজ্বালানিমন্ত্রী আর্তেম নেক্রাসভ জানান, দনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, ওদেসা ও খারকিভ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এসব অঞ্চলের মধ্যে জাপোরিঝিয়া ও দনিপ্রোপেত্রোভস্কের পরিস্থিতি সবচেয়ে বেহাল। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকের একটি তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির যন্ত্রপাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মধ্য ইউক্রেনের পোলতাভা অঞ্চলে রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি নাফতোগাজের একটি উৎপাদন স্থাপনায় হামলায় বড় ধরনের আগুন ধরে যায়। এতে সেখানকার কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

হামলার কারণে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। চলতি বছরে এ নিয়ে ১৭বার কেন্দ্রটি বাইরের বিদ্যুৎ সরবরাহ হারাল। বিদ্যুৎ না থাকায় কেন্দ্রটি ডিজেলচালিত জরুরি জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হয়।

জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর মিখাইলো সেমিকিন জানান, আঞ্চলিক রাজধানীতে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই শিশুসহ ছয়জন আহত হয়েছেন। এর আগের দিন একই অঞ্চলে আবাসিক ভবনে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছিলেন।

কিয়েভ অঞ্চলে হামলায় একজন নিহত হয়েছেন। রাজধানীর কাছের বিলা তসেরকভা শহরে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এপিসেন্টার ও কুরিয়ার কোম্পানি নোভা পোশতার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ওদেসায় রুশ ড্রোন হামলায় আবাসিক ভবন, একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থাপনা ও কাগজের পণ্য তৈরির কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুই নারী আহত হয়েছেন।

ইউক্রেনে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা নতুন উদ্বেগ তৈরি করেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ চলছে। তবে বারবার হামলা ও বিমান হামলার সতর্কতার কারণে মেরামতকাজ ব্যাহত হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad