মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে এলাকায় বিশেষ বাহিনীর এক রক্তক্ষয়ী অভিযানের পর আটক হয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় থাকা মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেস। শুক্রবার চালানো ওই অভিযানে সাত সন্দেহভাজন ও নিরাপত্তা জোরদার করতে যাওয়া সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এ সময় মেসা ফ্লোরেসসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মেসা ফ্লোরেসের ঘনিষ্ঠ সহযোগী, তার চাচাতো ভাই এবং ভগ্নিপতি রয়েছেন; যিনি মাদকচক্রটির অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত মেসা ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ফেন্টানিল, কোকেন ও হেরোইনের মতো প্রাণঘাতী মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। তাকে নিজেদের দেশে ফেরত নিতে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যেভাবে অভিযান ও সংঘর্ষ
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসা ফ্লোরেসের অবস্থান শনাক্ত করার পর বিশেষ বাহিনী আকস্মিক অভিযান চালিয়ে এলাকাটি ঘিরে ফেলে, যাতে তিনি পালাতে না পারেন এবং বাইরে থেকে কেউ সহযোগিতায় এগিয়ে আসতে না পারে। তবে বাড়িতে প্রবেশের আগেই নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ ও বিস্ফোরক হামলার মুখে পড়ে।
অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুয়াসাভে এলাকায় হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি একটি বেসবল স্টেডিয়ামে গুলির শব্দ শুনে দর্শনার্থীদের আতঙ্কে পালিয়ে যাওয়ার দৃশ্যও ছড়িয়ে পড়েছে।
বিচারের মুখোমুখি করতে মেসা ফ্লোরেস, তার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে উড়োজাহাজে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে এবং বাকি পাঁচজনকে সিনালোয়া অঙ্গরাজ্যেই রাখা হয়েছে। অভিযানস্থল থেকে গ্রেনেড লঞ্চারসহ বিভিন্ন অস্ত্র, মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
অপরাধের ইতিহাস ও কার্টেল দ্বন্দ্ব
২০২৫ সালে অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের মতো গুরুতর অপরাধের অভিযোগে মেসা ফ্লোরেসকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তখন এফবিআইয়ের তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক ব্রায়ান ড্রিসকল জানিয়েছিলেন, মেসা ফ্লোরেস ও তার সংগঠন মেক্সিকোর দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অবৈধ মাদক পাচার করেছে।
৪৪ বছর বয়সী এই মাদকসম্রাটের বিরুদ্ধে ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা উৎপাদন ও সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ২০১২ সালে প্রথম তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয় এবং ২০১৯ সালে নতুন করে অভিযোগ গঠন করা হয়।
একসময় বেলত্রান লেইভা মাদকচক্রের গুরুত্বপূর্ণ সদস্য থাকা মেসা ফ্লোরেস অভ্যন্তরীণ বিরোধ ও সহিংসতা বৃদ্ধির পর ২০১৩ সালের দিকে নিজের আলাদা মাদকচক্র গড়ে তোলেন। তার নেতৃত্বাধীন ‘মেসা ফ্লোরেস অর্গানাইজেশন’ ‘গুয়াসাভে কার্টেল’ নামেও পরিচিত। একই অঞ্চলে সক্রিয় শক্তিশালী সিনালোয়া কার্টেলের সঙ্গে তার সংগঠনের দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই চলছে। ২০২৪ সালে মেক্সিকো কর্তৃপক্ষ প্রায় দুই কোটি ফেন্টানিল বড়ি জব্দ করার পর ওই চালানের সঙ্গে মেসা ফ্লোরেসের কার্টেলের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে, যার পরই তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়।
সিনালোয়ায় উত্তেজনা ও কূটনৈতিক প্রেক্ষাপট
মেসা ফ্লোরেস গ্রেফতারের পর সিনালোয়া অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের হারমোসিলোতে অবস্থিত কনস্যুলেট জেনারেল জানিয়েছে, আহোমে, গুয়ামুচিল, গুয়াসাভে ও নাভোলাতো এলাকায় নিরাপত্তা অভিযান, সশস্ত্র সংঘর্ষ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে মেক্সিকোর ওপর চাপ বাড়িয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মাদকচক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে রাজি হলেও নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছে।














