লেবাননে ভবন ধসে নিহত ৯

লেবাননের বন্দরনগরী ত্রিপোলিতে ভয়াবহ ভবন ধসের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে দুটি ঝুঁকিপূর্ণ আবাসিক ভবন ধসে পড়লে এই মর্মান্তিক বিপর্যয় ঘটে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভবন দুটিতে অন্তত ২২ জন বাসিন্দা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধসে পড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।
রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারীরা স্থানীয়দের সহায়তায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছেন। বছরের পর বছর প্রশাসনিক অবহেলা ও ভবনগুলোর জরাজীর্ণ অবস্থাকেই এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন ত্রিপোলির মেয়র, যিনি শহরটিকে ইতিমধ্যে 'দুর্যোগ কবলিত এলাকা' হিসেবে ঘোষণা করেছেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উদ্ধার তৎপরতা জোরদার ও তদন্তের নির্দেশ দিয়েছেন।

















