ঝাড়খণ্ডে পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনায় নিহত ১৩

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মন্দিরে পূজা দিতে যাওয়ার পথে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ পুণ্যার্থীর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে চারজন নারী ও চারটি শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে রাঁচী-পটনা জাতীয় সড়কের কুজু থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় স্করপিও গাড়িটিতে মোট ১৪ জন পুণ্যার্থী ছিলেন। হতাহতরা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা এবং ঝাড়খণ্ডের রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তা মন্দিরে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গভীর রাতে প্রচণ্ড শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন এবং রাঁচী-পটনা সড়কে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি থেকে ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ১৩ জনকে মৃত ঘোষণা করেন। প্রাণে বেঁচে যাওয়া এক পুরুষ যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়, যার ফলে সেটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad