সরকার গঠন নিয়ে ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকটের আলোচনা

ডেস্ক, রাজনীতি ডটকম
গাদি আইজেনকট (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহুর (ডানে) দলের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা ভেস্তে গেছে। ছবি: সংগৃহীত
গাদি আইজেনকট (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহুর (ডানে) দলের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা ভেস্তে গেছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও বিরোধী নেতা গাদি আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার মুখে পড়েছে। দুপক্ষের মধ্যে গুরুতর মতপার্থক্য দেখা দেওয়ায় নতুন করে বৈঠক না করার সিদ্ধান্ত নিয়েছে তাদের আলোচক দল। এর মধ্যে আইজেনকটের সম্ভাব্য জোটসঙ্গীদের সরকারে যোগ দেওয়া থেকে বিরত রাখতে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহুর মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য।

রোববার (২৯ নভেম্বর) আইজেনকটের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে বলেছে, আইজেনকট যে জাতীয় ঐক্যের সরকার চান না, তা আজ স্পষ্ট হয়ে গেছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, এর আগে শনিবার রাতে নেতানিয়াহু জানিয়েছিলেন, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠনে তিনি রাজি আছেন। এমনকি নতুন সরকারে প্রথম দফায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও আইজেনকটকে দিতে প্রস্তুত বলে জানান তিনি। তার ওই প্রস্তাবের পরই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

তবে বৈঠকে প্রধানমন্ত্রী পদ নিয়ে প্রস্তাবের বাইরে সরকার পরিচালনা ও জোটের গঠন নিয়ে মতপার্থক্য দূর হয়নি। শেষ পর্যন্ত দুই দলের আলোচকরা পরবর্তী বৈঠক না করার সিদ্ধান্ত নেন। ফলে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ঐক্যের সরকার গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন অনিশ্চয়তায় পড়েছে।

আলোচনা ভেস্তে যাওয়ার পরিস্থিতিতে আইজেনকটের সম্ভাব্য জোটসঙ্গীদের লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন লিকুদ পার্টির নেতারা। নেতানিয়াহুর সাবেক মিত্র অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুদাইজম (ইউটিজে) বর্তমানে আইজেনকটের সঙ্গে সরকার গঠনের বিষয়ে আলোচনা করছে। দলটিকে সতর্ক করে সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার বলেছেন, তারা আইজেনকটের সঙ্গে গেলে ডানপন্থিদের সঙ্গে তাদের সম্পর্ক পুরোপুরি ছিন্ন হবে।

লিকুদের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশেরও প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক পরিমণ্ডলের একাংশের ওপর নির্ভর করে সরকার গঠন করা হলে অন্য পক্ষ আবার রাস্তায় নামবে, সমাজে বিভক্তি বাড়বে এবং ঘৃণা গভীর হবে। তবে আইজেনকটের সম্ভাব্য জোটে শুধু বামপন্থি দল নয়, ডানপন্থি ও অতি-রক্ষণশীল দলও থাকতে পারে। এমনকি আরব নেতৃত্বাধীন রা’আম পার্টিরও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি প্রকাশ করেছেন। ছবিতে আরব আইনপ্রণেতা আহমেদ তিবি ও মানসুর আব্বাসকে ইসরায়েলের পতাকায় আগুন দিতে দেখা যায়। তাদের হাতে মোমবাতি তুলে দিচ্ছেন আইজেনকট— এমন দৃশ্যও রাখা হয়েছে। আগামী শুক্রবার সন্ধ্যা থেকে ইহুদিদের হানুক্কা উৎসব শুরু হওয়ার প্রেক্ষাপটে ছবিটি প্রকাশ করা হয়।

পোস্টে আইজেনকটের উদ্দেশে কারহি লেখেন, তিনি কি শহিদদের প্রশংসাকারীদের কাছে ইসরায়েলকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আরব আইনপ্রণেতাদের সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগের বিরোধিতা করতেই এমন বক্তব্য দিয়েছেন তিনি।

গত মাসের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহু ও তার বিদায়ী সরকারের সদস্যরা আরব দলগুলোর অংশগ্রহণকে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরে আইজেনকটের সরকার গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন বলে উল্লেখ করা হয়েছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে। ফলে সরকার গঠনের আলোচনা এখন কেবল আসন ও প্রধানমন্ত্রিত্বের ভাগাভাগিতে সীমাবদ্ধ নেই, ইসরায়েলের রাজনীতিতে আরব দলগুলোর ভূমিকা নিয়েও বিরোধ সামনে এসেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad