শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানো’র হুমকি, মুম্বাই পুলিশ কনস্টেবলকে অব্যাহতি

ডেস্ক, রাজনীতি ডটকম
মুম্বাইয়ের বিক্ষোভস্থলের দৃশ্য (বাঁয়ে) ও শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানো’র হুমকি দেওয়া মুম্বাই পুলিশের কনস্টেবলের ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (ডানে) ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের বিক্ষোভস্থলের দৃশ্য (বাঁয়ে) ও শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানো’র হুমকি দেওয়া মুম্বাই পুলিশের কনস্টেবলের ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (ডানে) ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ পদক্ষেপ নিয়েছে মুম্বাই পুলিশ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ সদস্য শিক্ষার্থীদের বলছেন, তারা ফের আন্দোলনে নামলে তাদের কাছে মাদক রেখে মাদকবিরোধী আইনে মামলা করা হবে। এতে তাদের জীবনের বাকি সময় কারাগারেই কাটাতে হবে বলেও হুমকি দেন তিনি।

অভিযুক্ত ওই কনস্টেবলের নাম পবন সাংলে। তিনি মুম্বাই পুলিশের মোটর ভেহিকল বিভাগে কর্মরত এবং বর্তমানে সিয়ন থানায় দায়িত্ব পালন করছিলেন।

মুম্বাই পুলিশের আরেক কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তথ্য-উপাত্ত যাচাইয়ের পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কনস্টেবলকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তিন দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত কয়েকদিন ধরে মুম্বাইয়েও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement