ভারতে চলন্ত বাসে আগুন, ঝলসে প্রাণ গেল ঘুমন্ত ৯ যাত্রীর

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটায় নয়ডায় মধ্যরাতে চলন্ত এক বাসে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৯ যাত্রী নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের জানালা ভেঙে অনেকে বের হতে গিয়েও অনেকে আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে নিহতদের বেশির ভাগই পর্যটক। বাসে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।
কলকাতার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নয়ডা থেকে মাহোবার দিকে রওয়ানা দেয় স্লিপার বাসটি। মধ্যরাতের পর যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের কাছাকাছি দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়।
পুলিশ জানিয়েছে, ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল। মধ্যরাতে যখন এতে আগুন লাগে সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এক যাত্রী বলেন, আমরা ঘুমাচ্ছিলাম। একজন বললেন, বাসে আগুন লেগেছে। আমরা ভয়ে চিৎকার করতে শুরু করি। বাস থেকে বের হওয়া সহজ ছিল না। চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। কোনোমতে আমরা বাইরে বেরিয়ে আসতে পারি।
যাত্রীরা জানান, আগুন লাগার বিষয়টি স্পষ্ট হতেই বাসের মধ্যে হইচই শুরু হয়। কাচের জানলা ভেঙে বাইরে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। অগ্নিদগ্ধ বাসটিকে এক্সপ্রেসওয়ের এক পাশে নিয়ে রাখা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষকে।

















