মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন হরিয়ানার বাসিন্দা, আরেকজন মহারাষ্ট্রের। তদন্ত কর্মকর্তারা বলছেন, তারা তিনজনই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সোমবার (১৯ অক্টোবর) রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা বলছেন, পুলিশের চোখে ধুলো দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটে ঢুকে পড়েন তারা।
ভারতীয় গণমাধ্যমের খবর, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মুম্বাই পুলিশ ওই তিনজনকে শনাক্ত করে এবং তাদের গতিবিধির তথ্য সংগ্রহ করে। তাদের কাছ থেকে খবর পেয়ে রাজস্থান অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) ও কোটা পুলিশ অভিযান চালায় কোটা রেল স্টেশনে। সেখানে পুনে-জয়পুর এক্সপ্রেস থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে।
কোটা শহর পুলিশের এসপি তেজস্বীনী গৌতম জানিয়েছেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন গুলি চালিয়েছিলেন। আরেকজন মোটরসাইকেল চালাচ্ছিলেন।
এর আগে টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় সোমবার সকালে মুম্বাই পুলিশ মামলা করেছে। মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়েছে, তারা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে টাইগার গাড়ি নিয়ে বের হওয়ার সময়। এ ঘটনায় টাইগার রক্ষা পেলেও তার গাড়ির চালক ও কাছাকাছি থাকা এক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। ঘটনার পর টাইগারকে পুলিশি নিরাপত্তায় বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, প্রতি রোববার জুহুর ফুটবল মাঠে যান টাইগার। সেই অভ্যাসের কথা জানত হামলাকারীরা। অভিনেতার গতিবিধির ওপর নজর রেখে রোববার মাঠ থেকে গাড়িতে ফেরার সময়ে তাকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।
গুলি চালানোর পরে পালানোর জন্যও আগে থেকেই ছক কষে রেখেছিল আততায়ীরা। অভিযোগ, মুম্বইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়ার ট্রেনে ওঠে।
ওই ঘটনার পর সোমবার সকালে প্রথম টাইগার শ্রফের ছবি প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে। ছবিতে টাইগারের কাঁধ ও বুকে ব্যান্ডেজ দেখা গেছে। ডান হাতের কবজি থেকে বাঁধা ছিল সেই ব্যান্ডেজ।



















