কলকাতায় পূজামণ্ডপে ‘বেশ কয়েকজন’ পদদলিত, মৃত্যুর শঙ্কা

ভারতের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে ‘বেশ কয়েকজন’ আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) উত্তর কলকাতার চোরবাগান পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
ঘটনার পর আহতদের দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যরা যেন সাহস ও শক্তি পান, সে জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি।
পদদলিত হওয়ার কারণ এবং আহত ব্যক্তিদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।















