পুলিশি হামলার জেরে আর মিছিল নয়, তবে আন্দোলন চলবে: সিজেপি

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে তার ধোঁয়ায় ছেয়ে যায় বিক্ষোভস্থল। ছবি: রয়টার্স

ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাবে, তবে আর কোনো মিছিল করবে না। গতকাল সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু সমর্থক আহত হওয়ার পর আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন আন্দোলনের নেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার রাজধানীর কেন্দ্রীয় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। আহতদের মধ্যে ১১৮ জন নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্য এবং ৬০ জন বিক্ষোভকারী।

সোমবার দিল্লি ও আশপাশের শহর-নগর থেকে হাজারো বিক্ষোভকারী সংসদ অভিমুখে মিছিল করতে জড়ো হন। অনলাইন ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে শুরু হওয়া এ আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: রয়টার্স

কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা স্বঘোষিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন লাখো তরুণ ভারতীয়, বিশেষ করে জেন-জিদের সমর্থন পেয়েছে। তাদের দাবি, গত মে মাসে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে প্রভাবিত করা বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।

দিল্লি পুলিশ সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের পদযাত্রার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের পদযাত্রার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

মঙ্গলবার সকালে রাজধানীর কেন্দ্রীয় এলাকার যন্তর-মন্তরে প্রায় ১৫০ থেকে ২০০ বিক্ষোভকারী জড়ো হয়ে বৃষ্টির মধ্যেও স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় ছিল। আধাসামরিক বাহিনীর সদস্যরা কেন্দ্রীয় দিল্লির বিভিন্ন এলাকায় টহল দেন এবং সড়কে বসানো ব্যারিকেডের কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা গতকাল বিক্ষোভ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছি, কারণ আমরা আর কোনো তরুণকে আহত হতে দিতে চাইনি।’

তিনি বলেন, ‘আমরা আর মিছিল করব না, কারণ পুলিশ আবারও তরুণদের ওপর হামলা চালাবে।’ দিপকের দাবি, ১৫০ জনের বেশি বিক্ষোভকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement