নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, ব্রাজিলের জাপান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৩: ৪২
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করার মুহূর্তে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (বাঁয়ে) ও স্কটল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে বলের দখলের লড়াইয়ে ব্রাজিলের তারকা নেইমার (ডানে)। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে নকআউট পর্বের বেশ কয়েকটি আকর্ষণীয় লড়াই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বড় বিস্ময় কেপ ভার্দে। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে জাপানের।

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই রূপকথার গল্প লিখছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। একটি ম্যাচও না জিতেও ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। গ্রুপ পর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছে তারা। অন্য ম্যাচে স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ে তিন ম্যাচে তিন ড্র ও তিন পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে আফ্রিকার দলটি।

ইতিহাস গড়ে আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে

হিউস্টনে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় কেপ ভার্দে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

তবে নিজেদের ম্যাচ শেষ হওয়ার পরও অপেক্ষায় ছিল কেপ ভার্দের ফুটবলাররা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তারা নজর রাখেন স্পেন-উরুগুয়ে ম্যাচের দিকে। স্পেন ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করতেই আনন্দে মেতে ওঠেন কেপ ভার্দের খেলোয়াড়রা। কারণ এই ফলেই প্রথম বিশ্বকাপ খেলতে এসে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

তবে এই ম্যাচ নিয়ে আর্জেন্টিনার খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। গ্রুপ পর্বেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকেও ২-২ গোলে আটকে দেয় তারা। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম বড় বিস্ময়ে পরিণত হয়েছে।

অন্যদিকে গুয়াদালাহারায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যালেক্স বায়েনা। তার শট ঠেকাতে গিয়ে বল হাত থেকে ফসকে ফেলেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। প্রথমার্ধের পরই তাকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচের ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের আগুস্তিন কানোবিও। তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সমান পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে সৌদি আরবও।

ব্রাজিলের সামনে জাপান

সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট নিশ্চিত করেছিল ব্রাজিল। অপেক্ষা ছিল প্রতিপক্ষ জানার। সেই অপেক্ষার অবসান হয়েছে এফ গ্রুপের শেষ ম্যাচগুলোর পর।

গতকাল টেক্সাসের আর্লিংটনে জাপান ও সুইডেন ১-১ গোলে ড্র করেছে। এই ফলেই জাপান গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে। অন্য ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। আর সুইডেন সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে।

ফলে আগামী ২৯ জুন শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে জাপান। অন্যদিকে নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে।

সুইডেনের সঙ্গে ম্যাচে প্রথমে এগিয়ে যায় জাপান। রিতসু দোয়ানের পাস থেকে গোল করেন ডাইজেন মায়েদা। ছয় মিনিট পর সমতা ফেরান সুইডেনের অ্যান্থনি এলাঙ্গা। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।

এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে জাপানের গোলসংখ্যা দাঁড়ায় সাত, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। ২০১৮ সালের ছয় গোলের রেকর্ড ভেঙেছে তারা। এ নিয়ে টানা তৃতীয় এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল জাপান।

অন্যদিকে ১৯৯৪ সালে প্রথম বিশ্বকাপ খেলা সুইডেনও টানা তৃতীয়বারের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে। ম্যাচের যোগ করা সময়ে এলাঙ্গা ও আলেক্সান্ডার আইজাকের দুটি দারুণ সুযোগ অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই দুই দল মাঠ ছাড়ে এবং নিশ্চিত করে নকআউটের টিকিট।

আরও যারা নিশ্চিত করল নকআউট

গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার এক দিন বাকি থাকতেই শেষ ৩২-এর বেশির ভাগ সমীকরণ স্পষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে বিভিন্ন গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা তৃতীয় স্থান পাওয়া কয়েকটি দল নকআউটে জায়গা নিশ্চিত করেছে। তবে কয়েকটি ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, কারণ শেষ দিনের খেলা শেষে সেরা তৃতীয় স্থান পাওয়া বাকি দলগুলোর অবস্থান নির্ধারণ হবে।

এ পর্যন্ত চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী আগামী ২৯ জুন জার্মানি খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। একই দিনে মরক্কোর মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে। ৩০ জুন ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন, আর আইভরি কোস্টের সামনে থাকবে নরওয়ে। একই দিনে মেক্সিকো খেলবে সি, ই, এফ, এইচ অথবা আই গ্রুপের সেরা তৃতীয় স্থান পাওয়া একটি দলের বিপক্ষে।

১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। একই দিনে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ই, এইচ, আই, জে অথবা কে গ্রুপের সেরা তৃতীয় স্থান পাওয়া দলের বিপক্ষে। এ ছাড়া এ দিন বেলজিয়াম খেলবে এ, ই, এইচ, আই অথবা জে গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলের বিপক্ষে।

পরদিন ২ জুলাই স্পেন মাঠে নামবে ‘জে’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। আর সুইজারল্যান্ড খেলবে ই, এফ, জি, আই অথবা জে গ্রুপের সেরা তৃতীয় স্থান পাওয়া দলের বিপক্ষে। এরপর ৪ জুলাই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে টুর্নামেন্টের চমক কেপ ভার্দের বিপক্ষে। একই দিনে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর। বাকি কয়েকটি নকআউট ম্যাচের সূচি ও প্রতিপক্ষ চূড়ান্ত হবে গ্রুপ পর্বের শেষ দিনের খেলা শেষে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

২ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

২ দিন আগে

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

৩ দিন আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

৩ দিন আগে