এক গোল রিভিউয়ে বাতিল, তবু দ্বিতীয়ার্ধের হাইড্রেশনের আগেই মিসর ২ গোলে এগিয়ে

প্রথমার্ধে পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করেছিল আর্জেন্টিনা। অলআউট খেলতে গিয়ে ৫৮ মিনিটে উলটো গোল খেয়ে বসে তারা। তবে রিভিউয়ে সে গোল বাতিল হয়ে যায়। তবে তাতে লাভ হয়নি, ৯ মিনিট পর জিকো আবার কাউন্টার অ্যাটাক থেকে গোল করে এগিয়ে দেন মিসরকে ২-০ ব্যবধানে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার পথ অনেকটাই এখন কঠিন হয়ে পড়েছে। দ্বিতীয়ার্ধে গোলের সন্ধানে থাকা দলটি উলটো গোল খেয়ে এখন ২ গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর ম্যাচের আর বাকি রয়েছে মাত্র ২২ থেকে ২৩ মিনিট। এর মধ্যে অন্তত দুটি গোল পরিশোধ করতে হবে তাদের।
৫৮ মিনিটের মাথায় মিসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন জিকো। তবে ভিএআর চেক করে রেফারি সিদ্ধান্ত দেন, সে গোলের আক্রমণে যাওয়ার আগেই ফাউলের শিকার হয়েছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। শেষ পর্যন্ত মিসরের গোলটি বাতিল করে দেন রেফারি।
৯ মিনিট পর আর নিস্তার পায়নি আর্জেন্টিনা। তাদের আক্রমণ থেকে বল ছিনিয়ে নিয়ে আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। ডান প্রান্তে বল বাড়িয়ে দেন দুর্দান্ত খেলতে থাকা হাইসেম হাসানের কাছে। হাসান নিচু ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মাঝখানে। এমি মার্টিনেজকে পরাস্ত করে জিকো সহজ শটে বল জালে পাঠান।
দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকে স্কোরলাইন মিসর ২, আর্জেন্টিনা ০। এখান থেকে ফিরতে হলে আর্জেন্টিনাকে বিশেষ ম্যাজিক দেখাতে হবে, সন্দেহ নেই।















