শাকিরা-বুর্নার কণ্ঠে মুক্তি পেল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ মে ২০২৬, ১৭: ২০
গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়। ছবি: সংগৃহীত
গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রকাশ করা হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। আজ শুক্রবার (১৫ মে) কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের গাওয়া এ গানটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’ ইতোমধ্যে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ফুটবলপ্রেমীদের পাশাপাশি সংগীতপ্রেমীদের কাছেও এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

এর আগে সপ্তাহখানেক আগে গানটির ১ মিনিট ৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়। সেখানে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শাকিরার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। টিজার প্রকাশের পর থেকেই বিশ্বকাপের অফিশিয়াল গানের অপেক্ষায় ছিলেন ভক্তরা।

ফিফা জানিয়েছে, ‘দাই দাই’ গান থেকে অর্জিত রয়্যালটির পুরো অর্থ তাদের ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’ জমা হবে। সংস্থাটির লক্ষ্য, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এ খাত থেকে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা। সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

আগামী ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের হাফটাইম শোতে পারফর্ম করবেন বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় বিটিএস। আয়োজকদের আশা, সংগীত ও ফুটবলের এই সমন্বয় বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে।

বিশ্বকাপের মঞ্চে শাকিরা অত্যন্ত পরিচিত এক মুখ। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ওয়াকা ওয়াকা (This Time for Africa)–এর মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গানটি এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জনপ্রিয় থিম সং হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০০৬ জার্মানি বিশ্বকাপ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন কলম্বিয়ান এই গায়িকা।

অন্যদিকে আফ্রোবিট সংগীতধারার অন্যতম জনপ্রিয় শিল্পী বুর্না বয় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক সাফল্য পেয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার অন্তর্ভুক্তি আফ্রিকান সংগীতের জনপ্রিয়তাকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংগীত বিশ্লেষকরা।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement