বদলি নেমেই ফ্রিকিকে গোল মেসির, ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা

প্রথম একাদশে ছিলেন না। মাঠে নামলেন ৬০ মিনিটের মাথায়। ৮০ মিনিটেই ডি-বক্সের একটু বাইরে থেকে ফ্রিকিক৷ মাপা শটে বাজিমাত। বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন লিওনেল মেসি। আগেই দুই গোল করা আর্জেন্টিনা জিতল ৩-১ গোলের ব্যবধানে।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আগের ম্যাচের একাদশ থেকে ৯ পরিবর্তন এনে দল মাঠে নামিয়েছিলেন লিওনেল স্কালোনি।
তরুণ একাদশ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই চাপ তৈরি করতে থাকেন স্কালোনির শিষ্যরা। স্পষ্ট কিছু সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের দুর্বলতায় মিলছিল না গোল।
শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় ১৯ মিনিটে। ডি-বক্সের সামান্য বাইরে লো সেলসো ফাউলের শিকার হলে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। নিজেই ফ্রিকিক নেন সেলসো। তার দারুণ শট জর্ডানের গোলরক্ষক শুধু চেয়ে চেয়ে জালে জড়িয়ে যেতে দেখেন। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
মিনিট দশেক পরে লাউতারো মার্টিনেজের শট রুখে দেন জর্ডানের গোলরক্ষক। ফিরতি বলে লো সেলসো হেড করতে গেলে ফাউলের শিকার হন। ভিএআর চেক করে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে লাউতারো নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপে গোল পেলেন লাউতারো।
পরের ১৫ মিনিটে সুস্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ২-০ গোলের এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ৫৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায় জর্ডান। চমৎকার ফিল্ডপ্লে থেকে আল-তামারি বল জালে জড়ান। এমি মার্টিনেজ চেষ্টা করেও ঠেকাতে পারেননি। বিশ্বকাপে ৩ ম্যাচে প্রথম গোল হজম করলেন তিনি।
মেসি নামার পর ফের আর্জেন্টিনার খেলা গতি পায়। তবে গোলের দেখা মিলছিল না। ৮০ মিনিটের মাথায় ২৫ গজ দূরে থেকে ফ্রিকিক নেন মেসি নিজেই। বাঁ দিকে নেওয়া দারুণ শটে বল জালে জড়িয়ে দেন।
৩ ম্যাচে ৬ গোল নিয়ে এ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আরও এগিয়ে গেলেন মেসি। শুধু তাই নয়, বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলেরও অনন্য রেকর্ড গড়লেন এই বিশ্বসেরা তারকা।
পরের ১০ মিনিটে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা স্কালোনির শিষ্যরা। নকআউটে তাদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে।


















