ফাইনালে স্পেনের কাছে হার

আর্জেন্টিনার রাজধানীতে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ জুলাই ২০২৬, ২০: ০০
সংঘর্ষে একাধিক বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। ছবি: এএফপি
সংঘর্ষে একাধিক বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। ছবি: এএফপি

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সমর্থকসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে কোনো দলই প্রথম ৯০ মিনিটে গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ের খবরে বলা হয়েছে, ম্যাচটি দেখার জন্য আর্জেন্টিনার বুয়েনস এইরেসের বিভিন্ন সড়কে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। তবে শেষ বাঁশি বাজার পর অনেকের হতাশা ও ক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

এক সমর্থককে লাথি মারছেন এক পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত
এক সমর্থককে লাথি মারছেন এক পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ৬৭ দশমিক ৫ মিটার উঁচু জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্ককে ঘিরে উত্তেজনার সূত্রপাত হয়। কয়েকজন সমর্থক নিরাপত্তাবেষ্টনী টপকে স্মৃতিস্তম্ভে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর বিক্ষুব্ধ সমর্থকদের অনেকে পুলিশের দিকে কাচের বোতল ও বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ২০ মিনিট ধরে চলে এ সংঘর্ষ।

এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন। আহত হন কয়েকজন সমর্থকও। একজন উচ্ছৃঙ্খল সমর্থকের লাথিতে এক ব্যক্তি মুখে গুরুতর আঘাত পান। আহত হন এক নারীও। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement