টানা ৫ ফিফটি মুমিনুলের, মুশফিক-তামিমের পর ঢুকলেন ৫ হাজারি ক্লাবে

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ১১ মে ২০২৬, ১৭: ০৫
পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্ধশত রানের দেখা পেয়েছেন মুমিনুল হক। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশত রান তুলে নিয়েছেন মুমিনুল হক, যা টেস্টে তার টানা পাঁচ ইনিংসে ফিফটি। শুধু তাই নয়, অর্ধশত রান পূরণ করার সময়েই দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল অতিক্রম করেছেন পাঁচ হাজার রানের গণ্ডি।

সোমবার (১১ মে) মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে নোমান আলীর করা ৩৮তম ওভারের শেষ বলটি সুইপ করে স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়েই সিংগেল তুলে নেন মুমিনুল হক। এর মধ্য দিয়েই পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

ওই এক সিংগেলেই ইনিংসে অর্ধশত রানও পূরণ করেন মুমিনুল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশত রানের ইনিংস। এই টেস্টের প্রথম ইনিংসেও অর্ধশত রানের দেখা পেয়েছিলেন, শতক বঞ্চিত হয়েছিলন মাত্র ৯ রানের জন্য।

শুধু তাই নয়, অভিষেকেই ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাতি পাওয়া মুমিনুল এ নিয়ে টেস্টে সবশেষ টানা পাঁচ ইনিংসেই অর্ধশত রানের দেখা পেলেন। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ইনিংসে মুমিনুল করেছিলেন ৮২ রান।

পরে আয়ারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে মুমিনুলের সংগ্রহ ছিল ৬৩ ও ৮৭। এবার পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টে প্রথম ইনিংসে ৯১ করার পর এ ইনিংসে থেমেছেন ৫৬ রানে।

টেস্টে মুমিনুলের অভিষেক ২০১৩ সালের মার্চে, শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের মধ্য দিয়ে। প্রথম ইনিংসেই করেছিলেন ৫৫ রান। ক্যারিয়ারের শুরুর দিকে ধারাবাহিক রান করে গড় নিয়ে গিয়েছিলেন ৬০-এর কাছে। এরপর মাঝে দীর্ঘদিন ধরে রানখরায় ভুগেছেন তিনি। বড় ইনিংস খেলতে পেরেছেন বড় বড় বিরতিতে।

গত বছর থেকে আবার মোটামুটি রানে ফিরেছেন টপ অর্ডারের এই নির্ভরশীল ব্যাটার। এই সময়ের মধ্যে ১২ ইনিংসে তার সংগ্রহ ৫৯১ রান। এর মধ্যে শেষ পাঁচ ইনিংসসহ অর্ধশত রানের ইনিংস খেলেছেন মোট সাতটি, তবে দেখা পাননি শতকের। টেস্টে তার সবশেষ শতক ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে, সেটিও এসেছিল এক বছরের বেশি সময় বিরতির পর।

সব মিলিয়ে চলতি টেস্টসহ ৭৬ টেস্টে মুমিনুলের সংগ্রহ ৫০০৬ রান। ২৭টি অর্ধশত রানের ইনিংসের পাশাপাশি শতক রয়েছে ১৩টি। ৫৪ স্ট্রাইক রেটে টেস্টে মুমিনুলের গড় ৩৮-এর কিছু বেশি। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৮১ রান, যা এখনো তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।

মুমিনুলের আগে টেস্টে বাংলাদেশের হয়ে পাঁচ হাজার রান করেছেন মুশফিক ও তামিম। এখনো খেলা চালিয়ে যাওয়া মুশফিকের ১০১ টেস্টে সংগ্রহ প্রায় ৩৯ গড়ে ৬ হাজার ৫৮১ রান। দেশের পক্ষে টেস্টে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। তার পরেই রয়েছেন তামিম, অবসর নেওয়ার আগে যিনি ৭০ টেস্টে ৩৮ দশমিক ৮৯ গড়ে সংগ্রহ করেছেন ৫ হাজার ১৩৪ রান।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement