জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানের জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২০: ২৫
১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দুই ওপেনারের ১২০ রানের জুটির পর মাঝের ধসে চাপে পড়লেও শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফ উদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। এরপর শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪ রানের জয় নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরায় তাওহিদ হৃদয়ের দল। তবে জয়ের আনন্দের মাঝেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেসার নাহিদ রানার চোট।

বুলাওয়েতে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ১৮৬ রান তোলে। জবাবে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ৪ উইকেট, শেখ মেহেদি হাসান ৩টি। একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা, মোহাম্মদ সাইফ উদ্দিন ও সাইফ হাসান। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই শেখ মেহেদি হাসানের বলে টাডিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। পরের ওভারে নাহিদ রানার গতির কাছে বোল্ড হন ব্রায়ান বেনেট। তৃতীয় ওভারে মেহেদির বলে ফেরেন ডিওন মেয়ার্স। মাত্র ৩ ওভারে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে স্বাগতিকরা।

এরপর সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা পাল্টা আক্রমণে ২৫ বলে ৪৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে একাদশে ফেরা রিশাদ হোসেন আক্রমণে এসেই ভেঙে দেন সেই জুটি। ১২ বলে ১ ছক্কা ও ৩ চারে ২৮ রান করা রাজাকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তিনি। পরের ওভারেই বোল্ড করেন ২০ বলে ১৯ রান করা শুম্বাকে।

এরপর শেখ মেহেদি হাসানের বলে ৪ রান করা ক্লাইভ মাডান্ডে আউট হলে আরও চাপে পড়ে জিম্বাবুয়ে। পরে তাশিঙ্গা মুসেকিয়াকেও ফেরান সাইফ হাসান। তবে এই সময়ই চোট পেয়ে ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়েন নাহিদ রানা। গতিময় একটি থ্রো এড়াতে গিয়ে তিনি চোট পান। তার ওভারের বাকি তিন বল করেন সাইফ হাসান।

শেষদিকে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের ২৭ বলে ৪০ রানের জুটিতে একসময় আশা জাগলেও তা বেশিক্ষণ টেকেনি। মোহাম্মদ সাইফ উদ্দিনের দারুণ স্লোয়ারে বড় শট খেলতে গিয়ে ১৪ বলে ২৫ রান করা ইভান্স ক্যাচ দেন। অন্য প্রান্তে ১৯ বলে ২৯ রান করেন বার্ল। শেষ পর্যন্ত ইনিংসের দুই বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে রান তুলতে থাকেন। যদিও শুরুতে ভাগ্যও ছিল সাইফের পক্ষে। ৮, ১৭, ১৯, ৩৭ ও ৪৬ রানে তাকে ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ের ফিল্ডাররা। সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করে ৪৫ বলে ১ ছক্কা ও ৮ চারে ৫৫ রান করেন তিনি।

অন্য প্রান্তে তানজিদও ছিলেন দুর্দান্ত। ৩৩ বলে পঞ্চাশ স্পর্শ করা এই বাঁহাতি ওপেনার শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৮ রান করেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কা। দুজন মিলে ৮৮ বলে ১২০ রানের উদ্বোধনী জুটি গড়েন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি পঞ্চম শতরানের উদ্বোধনী জুটি। এর চারটিতেই ছিলেন তানজিদ।

তবে ১৫তম ওভারে সিকান্দার রাজার বলে সাইফ আউট হওয়ার পরই বদলে যায় ম্যাচের চিত্র। পরের ওভারে রিচার্ড এনগারাভা ফেরান তানজিদ হাসান ও অধিনায়ক তাওহিদ হৃদয়কে। এরপর ব্র্যাড ইভান্সের ওভারে আউট হন পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান। মাত্র ১৩ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর বোর্ড হয়ে যায় ১২০/০ থেকে ১৪২/৫।

সেই ধাক্কা সামলে শেষদিকে ঝড় তোলেন ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফ উদ্দিন। ষষ্ঠ উইকেটে মাত্র ১৯ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতে দলকে ১৮৬ রানে পৌঁছে দেন তারা। ইয়াসির ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন। আর সাইফ উদ্দিন খেলেন মাত্র ১০ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংস।

শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে টানা চারটি ছক্কা হাঁকিয়ে ২৮ রান নেন সাইফ উদ্দিন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এক ওভারে টানা চার ছক্কা মারার এটিই প্রথম ঘটনা। শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তোলে ৬৫ রান। তবে দুঃস্বপ্নের এক স্পেল কাটান ইভান্স। ৪ ওভারে ৬৫ রান দিয়ে নেন ২ উইকেট।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ। এখন রোববারের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। তবে সেই ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা নাহিদ রানার চোট।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিফা বিশ্বকাপ ফাইনাল: গ্যালারিতে থাকছেন ট্রাম্প, তুলে দেবেন ট্রফি

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ফাইনালের আগে আজ শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আগামী রোববার তিনি ফাইনাল ম্যাচের সাক্ষী হতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।

৬ ঘণ্টা আগে

‘আর্জেন্টিনাকে কেউ কিছু পাইয়ে দেয়নি’— সমালোচকদের মেসির কড়া জবাব

মেসি বলেন, ‘গত চার বছর ধরে আমরাই সেরা দল। সেটা কারও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না।

৮ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নদের আংটি দেবে ফিফা

উত্তর আমেরিকার বিভিন্ন পেশাদার ক্রীড়া লিগে মর্যাদাপূর্ণ ঐতিহ্য হিসেবে এমন আংটি দেওয়ার প্রচলন রয়েছে। এবারের বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো— তথা উত্তর আমেরিকায়। তাই আঞ্চলিক ঐহিত্যকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতেই এ আংটি চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ফিফা।

৮ ঘণ্টা আগে

ফাইনালে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, পরবেন সেই ভারী জ্যাকেট

বিশ্ব জুড়ে ফুটবলার, কোচ ও সমর্থকদের মধ্যে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে। বড় কোনো টুর্নামেন্ট এলেই এসব বিশ্বাস যেন আরও দৃঢ় হয়ে ওঠে। সেই তালিকা থেকে বাদ নন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ থাকা সত্ত্বেও বিশ্বকাপের ফাইনাল দেখতে তিনি মা

১০ ঘণ্টা আগে