ফ্রি শপিং ব্যাগ বন্ধ করছে আড়ং, বিকল্পে পরিবেশবান্ধব ব্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কেনাকাটার পর আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। প্রতিটি কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের ‘সামান্য মূল্য’ পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

শুক্রবার (১ আগস্ট) আড়ং তাদের ফেসবুক পেজে ‘নিজের ব্যাগ সঙ্গে আনুন’ শিরোনামে একটি পোস্টে এ তথ্য প্রকাশ করে। আড়ংয়ের এ সিদ্ধান্ত নিয়ে ওই পোস্টের নিচেই পক্ষে-বিপক্ষে মতামত জানিয়েছেন অনেকে।

আড়ং বলছে, ১ সেপ্টেম্বর থেকে তারা আর কাগজের শপিং ব্যাগ বিনামূল্যে দেবে না। ওই ব্যাগ নিতে হলে গ্রাহককে অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া সব আড়ং আউটলেটে মিলবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ, যা আকারভেদে ৬০ টাকা ও ৭৫ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

আড়ং আরও বলছে, গ্রাহকরা নিজেদের সঙ্গে করে শপিং ব্যাগ নিয়েও ঢুকতে পারবেন আউটলেটে। নিজেদের শপিং ব্যাগে করেই তারা কেনাকাটা সম্পন্ন করতে পারবেন।

আড়ং জানিয়েছে, একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমাতে এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছে।

ঘোষণায় আরও বলা হয়, কাগজের ব্যাগ বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ স্থানীয় কমিউনিটিগুলোতে গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে, যা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া গ্রাহকদের জন্য পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ বছর জুড়ে সব আড়ং আউটলেটে পাওয়া যাবে। প্রবর্তনমূলক অফার হিসেবে এসব ব্যাগের ওপর ৩১ আগস্ট পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

ঘোষণায় আড়ং বলেছে, প্রতিটি পছন্দই গুরুত্বপূর্ণ। এসো, একসঙ্গে আমাদের পৃথিবীর জন্য ভালো কিছু করি।’

আড়ংয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, আড়ংয়ের এ উদ্যোগ শপিং ব্যাগের ব্যবহার কমিয়ে আনতে সহায়ক হবে। বিশ্বের আরও অনেক দেশেই বাড়তি ব্যাগের ব্যবহার নিরুৎসাহিত করতে এমন উদ্যোগ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।

আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের ব্যবহার কমলে তা কার্বন ফুটপ্রিন্ট কমাতে ভূমিকা রাখবে বলেও মনে করছেন অনেকে। শপিং ব্যাগের জন্য নেওয়া অর্থ গাছ লাগানোর প্রকল্পে খরচ করার উদ্যোগেরও প্রশংসা করেছেন তারা।

অনেক গ্রাহক অবশ্য আড়ংয়ের সমালোচনা করতে ছাড়েননি। তারা বলছেন, আড়ংয়ের শপিং ব্যাগটিই ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করে। তাছাড়া আড়ংয়ে পণ্যের দামও নেহায়েত কম নয়। এটি বিবেচনায় আড়ংয়ের শপিং ব্যাগের দাম রাখার সিদ্ধান্তটি ঠিক হয়নি। একে স্রেফ মুনাফা বাড়ানোর কৌশল বলে মনে করছেন অনেকে।

তারা আরও বলছেন, আড়ং শপিং ব্যাগ থেকে পাওয়া অর্থের একাংশ তথা গ্রাহকদের কাছ থেকে পাওয়া অর্থ গাছ লাগানোর জন্য ব্যয় না করে নিজেদের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিল থেকেই গাছ লাগানোর প্রকল্প পরিচালিত করতে পারে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

লিভার-সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরে চরম সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।

১১ দিন আগে

সেবা প্রকাশনীতে অনিয়ম-দুর্নীতি, কার্যক্রম স্থগিত ঘোষণা

১৪ দিন আগে

নায়িকার অভিযোগ, মুক্তি পাচ্ছে না ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’

নানা সমালোচনার পর মুক্তির দুই দিন আগেই স্থগিত করা হলো চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদপত্র। অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতে সিনেমার সেন্সর সনদপত্রটি বাতিল করা হয়।

১৪ দিন আগে

যুদ্ধ-ক্ষুধা-অবিনাশী সৌন্দর্য— মারাহ খালেদের ক্যানভাসে গাজার দিনলিপি

মারাহর কাজগুলো নিয়ে আমি যখন পড়ালেখা করছিলাম, আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল তার সেই ছোট্ট তাঁবুর গল্প। এক শরণার্থী শিবিরের ভেতরে, যেখানে মানুষের নিজের জন্য জায়গা নেই, সেখানে একটি তাঁবুকে গ্যালারি বানিয়ে ফেলল সে। এ যেন সেই প্রবল ধ্বংসযজ্ঞ ও অসহায়ত্বের মধ্যেও এক নীরব বিদ্রোহ।

১৪ দিন আগে