‘সূর্যকন্যা’ জয়শ্রী কবিরের নীরব প্রস্থান

বিনোদন ডেস্ক
জয়শ্রী কবির।
জয়শ্রী কবির।

প্রবাস জীবন বেছে নেওয়া একসময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে কলকাতায় অভিনয় শুরু করা জয়শ্রী ‘সূর্যকন্যা’ সিনেমা দিয়ে পা রেখেছিলেন বাংলাদেশে, থিতুও হয়েছিলেন। পরে লন্ডনে প্রবাস জীবন বেছে নিয়ে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া কাটালেন নীরবেই।

জয়শ্রী কবিরের ভাগনে জাভেদ মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সূর্যকন্যা’খ্যাত এই নায়িকা গত সোমবার (১২ জানুয়ারি) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

জয়শ্রীর জন্ম কলকাতায়, ১৯৫২ সালে। ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ খেতাব লাভ করেন তিনি। বড় পর্দায় তার অভিষেক সত্যজিৎ রায়ের সাড়া জাগানো ‘কলকাতা ট্রিলজি’র প্রথম চলচ্চিত্র ‘প্রতিদ্বন্দ্বী’র মাধ্যমে। উত্তমকুমারের সঙ্গে তার অভিনীত চলচ্চিত্র ‘অসাধারণ’ মুক্তি পায় ১৯৭৬ সালে।

‘সূর্যকন্যা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশে এসেছিলেন জয়শ্রী। পরে পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে এ দেশে থেকে যান। সত্তর দশকের মাঝামাঝি থেকে প্রায় এক যুগ অভিনয় চালিয়ে যান তিনি। অভিনয়ের নিপুণতার পাশাপাশি জনপ্রিয়তাতেও শীর্ষে ছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি অভিনয় করেছেন বেছে বেছে হাতেগোনা অল্প কিছু চলচ্চিত্রে।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বুলবুল আহমেদের সঙ্গে জুটি গড়ে বেশ কিছু সিনেমায় কাজ করেন জয়শ্রী। এই জুটির প্রথম সিনেমা ছিল ‘সূর্যকন্যা’। এরপর একে একে ‘সীমানা পেরিয়ে’, ‘মোহনা’, ‘পুরস্কার’, ‘রুপালি সৈকতে’র মতো দর্শকপ্রিয় সব চলচ্চিত্রে তারা একসঙ্গে অভিনয় করে।

বুলবুল-জয়শ্রী জুটিকে বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি মনে করা হয়। তাদের অভিনীত ‘রুপালি সৈকতে’ ও ‘সীমানা পেরিয়ে’ ২০০৭ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের করা বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে।

আলমগীর কবিরের সঙ্গে জয়শ্রীর দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৮৯ সালে বিবাহ বিচ্ছেদ হলে জয়শ্রী কলকাতায় চলে যান। পরে একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে চলে যান লন্ডনে। সেখানে এক যুগেরও বেশি সময় সিটি কলেজে ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন তিনি।

লন্ডনে পাড়ি জমানোর পর থেকেই বলা চলে নিভৃতে দিন কেটেছে জয়শ্রীর। একসময় রুপালি পর্দা কাঁপানো এই নায়িকা গণমাধ্যমে উপস্থিতি যথাসম্ভব এড়িয়ে চলেছেন। তার বিদায়টাও হলো নিভৃতেই।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement