ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২২: ০৫
জাতীয় প্রেস ক্লাবে একক বাঁশি সন্ধ্যায় বাঁশি পরিবেশন করছেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে একক বাঁশি সন্ধ্যায় বাঁশি পরিবেশন করছেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

শ্রাবণ সন্ধ্যায় উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ হয়েছেন সংগীতপ্রেমী শ্রোতারা। জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘একক বাঁশি সন্ধ্যা’।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এরপর ওস্তাদ আজিজুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টায়।

এতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন। এ ছাড়া ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্য এবং সংগীতপিয়াসী শ্রোতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বাঁশিতে রাগ শ্যাম কল্যাণ পরিবেশন করেন ওস্তাদ আজিজুল ইসলাম। প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

সবশেষে মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মনোমুগ্ধকর এই বাঁশি সন্ধ্যা। অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময়ও শ্রোতাদের কানে অনুরণিত হচ্ছিল বাঁশির অপূর্ব সুর ও মূর্ছনা। এমন একটি আয়োজনের জন্য জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান উপস্থিত শ্রোতারা।

অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ওস্তাদ আজিজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা