কবিতা

অস্বীকৃতির ব্লুপ্রিন্ট

অস্বীকৃতির ব্লুপ্রিন্ট

ঘড়ির কাঁটা ঘুরছে না—

সে তো আসলে কাঁটা নয়,

একটি নামহীন পোকা

যে প্রতিদিন সময় খেয়ে ফেলে।

কেউ একজন আমাকে ভুলে গিয়েছে—

আসলে আমি তো কখনোই ছিলাম না।

একটি নির্ভাষ কোলাজ,

চিন্তাবিহীন প্রসঙ্গ হয়ে ছিলাম তার নিঃশ্বাসে।

দেয়ালে ঝুলছে আমার "না"

তার পাশে আয়নার ভাঙা টুকরোতে

আমি দেখি "না"—আমি শুনি একটি

মৌন গান, যার স্কেল ভুলে গিয়েছে ঈশ্বরও।

তুমি বলে কেউ ছিল না,

ছিল একটি নীল-ধূসর বিকেল,

যেখানে শব্দ মানে শুধু শব্দ নয়—

কখনো একটি কুমারী পথ,

কখনো ঘুম না আসা ট্রেনের হুইসেল।

আমার চিঠির খামে ছিল না ঠিকানা,

ছিল শুধু একটা নিঃশব্দ সংলাপ—

যেখানে প্রতিটি অক্ষর আত্মহত্যা করেছে

মুদ্রণের ঠিক আগমুহূর্তে।

তবু আমি প্রতিজ্ঞা করি—

না, তোমার জন্য নয়,

একটি চাকা ঘোরা বৃষ্টির জন্য,

যে প্রতিবারই ভুল করে পড়ে যায়

একটি নিঃশব্দ নদীতে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement