রাজস্ব আদায়ে বড় ধাক্কা

ড. মিহির কুমার রায়

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা কম।

এনবিআরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ছয় মাসে মোট রাজস্ব আদায় হয়েছে এক লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। অথচ একই সময়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি ৩৭ লাখ টাকা।

রাজনৈতিক অস্থিরতায় ধুঁকছে অর্থনীতি, ভোটের অপেক্ষায় ব্যবসায়ীরা। পরিসংখ্যান অনুযায়ী:

১. আয়কর: রাজস্ব আদায়ে সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে আয়কর খাতে। ছয় মাসে আয়কর থেকে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি ৫২ লাখ টাকা। ফলে আয়কর খাতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি ২৫ লাখ টাকা। যদিও একই সময়ে আয়কর প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৪.৬৭ শতাংশ।

২. কাস্টমস: শুল্ক বা কাস্টমস খাতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ খাতে ৬৫ হাজার ৮৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ টাকা। এতে ঘাটতি হয়েছে ১২ হাজার ১৪০ কোটি ২৯ লাখ টাকা। যদিও একই সময়ে শুল্ক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬.৬১ শতাংশ।

৩. ভ্যাট: অন্যদিকে ভ্যাট খাতে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি ২৪ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। ফলে ভ্যাট খাতে ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৫ কোটি ৭৬ লাখ টাকা। যদিও একই সময়ে ভ্যাটে ১৯.৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে উচ্চ লক্ষ্যমাত্রার কারণে সামগ্রিক রাজস্ব ঘাটতি কমানো সম্ভব হয়নি।

৪. ডিসেম্বর প্রান্তিক: একক মাস হিসেবেও ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। ওই মাসে ৫১ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯ কোটি ৫ লাখ টাকা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১০.২৫ শতাংশ। ডিসেম্বর মাসে শুল্ক থেকে আদায় হয়েছে ৯ হাজার ৯৫০ কোটি টাকা, ভ্যাট থেকে ১২ হাজার ২৬১ কোটি টাকা এবং আয়কর থেকে ১৩ হাজার ৯৮৪ কোটি টাকা।

৫. রাজনৈতিক অনিশ্চয়তাই মূল কারণ?

বিশ্লেষকদের মতে, রাজস্ব ঘাটতির পেছনে একাধিক কাঠামোগত ও সামষ্টিক কারণ কাজ করছে। রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগকার্যক্রমের স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতিতে ভোক্তা ব্যয়ের সংকোচন এবং আমদানি কমে যাওয়ার প্রভাব রাজস্ব আদায়ের গতি মন্থর করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজস্ব প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দীর্ঘদিনের সংস্কার জট। এসব কারণে ঘাটতিটি শুধু সাময়িক নয়; বরং দেশের রাজস্ব সক্ষমতার একটি গভীর সংকটকে সামনে এনেছে।

এনবিআরের রাজস্ব আদায় ব্যর্থতা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক পর্যবেক্ষণে বলেছে, লক্ষ্যমাত্রা নির্ধারণে বাস্তব পরিস্থিতির প্রতিফলন ছিল না। মূল্যস্ফীতি ও আমদানি হ্রাসের বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি করছাড়, সংস্কার বিলম্ব এবং কর ফাঁকি রোধে দুর্বলতাই রাজস্ব ঘাটতির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করায় সংস্কার প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হলেও সংস্থাটি মন্তব্য করেছে।

রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন পরিস্থিতি এবং বাণিজ্যিক খাতের স্থবিরতার পাশাপাশি বিনিয়োগ স্থগিত হওয়াই ঘাটতির ক্ষেত্রে দায়ী। সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, এনবিআরের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা, বদলি, সাজামূলক ব্যবস্থা—সব মিলিয়ে কর্মকর্তাদের মনঃসংযোগে প্রভাব ফেলেছে। মাঠে রাজস্ব সংগ্রহেও এর প্রতিক্রিয়া পড়েছে।

গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের ফেলো ও অর্থনীতিবিদ এম. হেলাল আহমেদ জনি বলেন, সামষ্টিক অর্থনীতির গতি কমে এসেছে। ব্যবসায়িক কর্মকাণ্ড মন্থর গতিতে এগোচ্ছে। আমদানি-রপ্তানির গতি বাড়ছে না; ফলে কাস্টমস থেকে প্রত্যাশিত শুল্ক আদায় হয়নি। ভ্যাট আদায়েও দুর্বলতা রয়েছে। ব্যবসায়ীরা প্রকৃত বিক্রি গোপন করছে, যা উল্লেখযোগ্য ভ্যাট লিকেজ তৈরি করছে। এছাড়া করব্যবস্থার কাঠামোগত সমস্যা—কর আওতা সংকীর্ণ থাকা, অনানুষ্ঠানিক খাতকে কর নেটে না আনা এবং কর প্রশাসনের দক্ষতার ঘাটতি। এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ মনে করেন, রাজস্ব ঘাটতির মূল কারণ লক্ষ্য নির্ধারণে ভুল। তাঁর ভাষায়, “এনবিআরের সক্ষমতার বাইরে লক্ষ্য দেওয়া হয়; এখানেই সমস্যার শুরু। অর্থাৎ সংস্কার, কাঠামো, নীতির পরিবর্তন—সবই প্রয়োজনীয়; কিন্তু লক্ষ্য ও বাস্তবতার ব্যবধান নাকমালে রাজস্ব প্রবাহের গতি বাড়ানো কঠিন।”

৬. রাজস্ব টার্গেট আদায়ে কর্তৃপক্ষের পদক্ষেপ: রাজস্ব আদায় বেগবান করতে অঙ্গীকারবদ্ধ জানিয়ে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ব্যবসা-বাণিজ্যে শ্লথগতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলক কম হয়েছে। তবে বছরের শেষ দিকে রাজস্ব আদায়ে গতিবৃদ্ধি হবে বলে আশা করি, যেমনটা প্রায়শই হয়। এছাড়া করের আওতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ ও ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার করতে কাজ করছি আমরা।”

রাজস্ব আয় বাড়াতে এনবিআরে সংস্কার হচ্ছে, আইএমএফের শর্তও এগোচ্ছে—সব মিলিয়ে সংস্কারের পরিকল্পনার তালিকাও দীর্ঘ। কাঠামো গড়ছে, নথিতে অগ্রগতি বাড়ছে, বিভিন্ন প্রকল্প চলছে। সংস্কারের ধারাবাহিকতার মধ্যে রিটার্ন, ই-টিআইএন, ই-অডিট, আইভিএস, ই-ইনভয়েস—এসব প্রযুক্তিনির্ভর পদক্ষেপ ভবিষ্যৎ রাজস্ব প্রশাসনের বড় ভিত্তি দাঁড়াচ্ছে। করদাতাদের সুবিধা নিশ্চিত করতে কলসেন্টার ও অনলাইন ট্রেনিংও যুক্ত হয়েছে। তবে বাস্তবায়নের বেশির ভাগ এখনো মধ্যপথে; মাঠ পর্যায়ে এর প্রভাব সীমিত। তাই প্রযুক্তি বাড়ছে, প্রক্রিয়া বদলাচ্ছে; কিন্তু রাজস্ব আহরণের মূল স্রোতে সেই পরিবর্তনের ধাক্কা পৌঁছায়নি।

রাজস্ব প্রবাহ এখনো সেই আগের ধীর ছন্দেই আটকে রয়েছে। রূপান্তরের পথে আরও সময় অপেক্ষা করতে হবে যাতে করদাতারা স্বপ্রণোদিত হয়ে নৈতিকতার ভিত্তিতে কর দিতে পারে।

লেখক: অধ্যাপক ও গবেষক, সাবেক ডিন, সিটি ইউনিভার্সিটি, ঢাকা

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

দেশীয় উৎস এবং পুঁজিবাজারকে আস্থায় নিতে হবে

এ দেশ এখনো পর্যন্ত মীরজাফর, ঘষেটি বেগম, জগৎ শেঠ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির (ইন্ডিকো) কর্মকর্তাদের ষড়যন্ত্রমুক্ত হতে পারেনি। ওদের ওপর সরকারসহ প্রতিটি দেশপ্রেমিক মানুষের সতর্ক দৃষ্টি রাখা জরুরি। জাতীয় ঐক্য সুসংহত হওয়ার বিষয়টিও জরুরি।

১২ দিন আগে

বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে কৌশলগত পুনর্বিন্যাস

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হঠাৎ করে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক (OPEC) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা বৈশ্বিক জ্বালানি রাজনীতির কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে।

১২ দিন আগে

রাষ্ট্রনায়কের সততা ও নেতৃত্বই টেকসই উন্নয়নের মূল ভিত্তি

সুশাসন, যাকে আমরা রাষ্ট্রপরিচালনার কার্যকর পদ্ধতি বলি, সেটি মূলত সেই কাঠামো যার মাধ্যমে রাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা, নীতিমালা বাস্তবায়ন ও নাগরিক সেবার মান নির্ধারিত হয়। যখন এই প্রক্রিয়া স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালিত হয়, তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক উন্নয়ন এক

১২ দিন আগে

শ্রমজীবীদের অধিকার কিতাবে থাকলেও গোয়ালে নেই

পহেলা মে এক দিনের আন্দোলনের ফসল নয়, বরং দীর্ঘ সময় ধরে দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামে কিছুটা প্রাপ্তি ও স্বীকৃতি অর্জিত হয়েছে এই দিনে। কাজেই ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠার দিন।

১৩ দিন আগে