ইরান যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেকই শেষ, ফুরিয়ে আসছে মজুত

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। ফলে দেশটির যুদ্ধাস্ত্রের মজুতে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণ ও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে’র (সিএসআইএস) এক বিশ্লেষণের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। একই সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’-এর ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা গেছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, নির্ভুল লক্ষ্যভেদী ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইলে’র মজুতেও বড় ধরনের টান পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই শ্রেণির ক্ষেপণাস্ত্রের মোট মজুতের ৪৫ শতাংশের বেশি ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে প্রায় সাত সপ্তাহের সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুতের উল্লেখযোগ্য অংশ খরচ করেছে। প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত একাধিক সূত্র ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অদূর ভবিষ্যতে নতুন কোনো সংঘাত শুরু হলে তাৎক্ষণিকভাবে গোলাবারুদের ঘাটতির ঝুঁকি তৈরি হতে পারে।

সিএসআইএসের বিশ্লেষণে উঠে এসেছে, প্যাট্রিয়ট ও থাডের পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত থেকেও বড় অংশ ব্যবহার করেছে। এর মধ্যে টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০ শতাংশ, দূরপাল্লার জয়েন্ট এয়ার-টু-সারফেস স্ট্যান্ডঅফ মিসাইলের ২০ শতাংশের বেশি এবং এসএম-৩ ও এসএম-৬ ক্ষেপণাস্ত্রের প্রায় ২০ শতাংশ ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের এমন ব্যাপকতা যুক্তরাষ্ট্রের সংরক্ষিত অস্ত্রভাণ্ডারে একটি বড় শূন্যতা তৈরি করেছে। উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও এসব আধুনিক অস্ত্র পুনরায় সরবরাহ ও মজুত স্বাভাবিক পর্যায়ে আনতে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

চলতি বছরের শুরুতে পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে একাধিক প্রতিরক্ষা চুক্তি করে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অতীতে কম অর্ডার দেওয়ার কারণে স্বল্পমেয়াদে সরবরাহ সংকট কাটানো কঠিন হবে।

স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র রয়েছে বলে ধারণা করা হলেও, সিএসআইএস সতর্ক করেছে— বর্তমান মজুত চীনের মতো সমমানের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সংঘাতে যথেষ্ট নাও হতে পারে।

অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত দুর্বলতা তৈরি হয়েছে। তার মতে, এই মজুত পুনরায় পূরণ করতে এক থেকে চার বছর সময় লাগবে এবং পূর্ণ সক্ষমতায় ফিরতে আরও বেশি সময় প্রয়োজন হবে।

তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এ নিয়ে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি দাবি করেন, দেশটির সামরিক বাহিনী জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষায় পর্যাপ্ত শক্তি ধরে রেখেছে।

এদিকে অস্ত্র মজুত কমে যাওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। ট্রাম্প একদিকে যুক্তরাষ্ট্রে অস্ত্র সংকট নেই বলে দাবি করলেও, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে মজুত কমে যাওয়ায় অতিরিক্ত বাজেটের অনুরোধ জানিয়েছেন।

যুদ্ধ শুরুর আগেই জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা দীর্ঘমেয়াদি সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। তাদের মতে, ইসরায়েল ও ইউক্রেনসহ বিভিন্ন মিত্রকে সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

সংঘাত শুরুর পর থেকেই ক্যাপিটল হিলে ডেমোক্র্যাট নেতারা গোলাবারুদের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের আশঙ্কা, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেন, ইরানের কাছে বিপুল সংখ্যক ড্রোন ও বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতি এক পর্যায়ে ‘গাণিতিক সমস্যায়’ পরিণত হয়— কীভাবে দ্রুত আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ পুনরায় সরবরাহ করা যাবে, সেটিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য শিক্ষাকে অবৈতনিক করতে চাই। প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। এটা করব ধাপে ধাপে।

২ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদির স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশের সকাল ৬টা) জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করেছে।

৪ ঘণ্টা আগে

বেইজিংয়ে মির্জা ফখরুল: চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। বাংলাদেশ সরকার ‘এক চীন নীতি’ মেনে চলবে এবং চীনের সঙ্গে বন্ধুত্বের ঐতিহ্য বজায় রাখবে।

৫ ঘণ্টা আগে