ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকি: নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫: ৩৯
ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তল্লাশি চালিয়ে শিক্ষার্থী ও অন্যদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ই-মেইল পাঠানো হয়। এতে মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

ই-মেইলটিতে বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা হামলা’ চালানো হবে। হুমকিদাতা আরও দাবি করে, নির্দিষ্ট সময়ের ওই হামলা কেউ ঠেকাতে পারবে না।

পুলিশ সূত্র জানায়, হুমকির ই-মেইল পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। পরে বাড্ডা থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।

এক লিখিত বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, অজ্ঞাত উৎস থেকে পাওয়া ই-মেইলটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাঁর ভাষ্য, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। হুমকির ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement