তেলের অবৈধ মজুতের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তেলের অবৈধ মজুতের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

দেশে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

আজ সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নির্ভরযোগ্য তথ্য সরবরাহকারীদের আর্থিক পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জ্বালানি তেল অবৈধভাবে মজুত বা পাচারের তথ্য স্থানীয় প্রশাসনের কাছে দিলে যাচাই শেষে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার সুযোগে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। তারা সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করে গোপনে মজুত রেখে অধিক দামে বাজারজাত করছে বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় উচ্চমূল্যে আমদানি করা জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইতিমধ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে একাধিক মজুত ও পাচারচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসব কার্যক্রম আরও কার্যকর করতে সাধারণ মানুষের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুরস্কারের অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হবে। ফলে তথ্য যাচাই ও প্রশাসনিক অনুমোদনের পর দ্রুত অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে।

এদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগ ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। প্রতিদিন তেল সরবরাহ ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জেলা প্রশাসনকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত রাখা হয়েছে।

একই সঙ্গে ভোক্তাপর্যায়ে সচেতনতা বাড়াতে কিউআর কোড, ব্যানার ও লিফলেট বিতরণসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement