আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ৯ সিদ্ধান্ত সরকারের
রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়ানো, গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত প্যাট্রল এবং মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্য প্রচারসহ ৯টি সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে সব সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন।
সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো—
- রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়াতে হবে। অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অভিযান চালানো হবে;
- রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌ বাহিনীর একটি অতিরিক্ত প্যাট্রল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের একটি অতিরিক্ত প্যাট্রল নিয়োজিত থাকবে;
- পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপকমিশনার ও সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন;
- ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে, যেন তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়;
- ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে— এমন সম্ভাব্য স্থানগুলোতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হবে;
- ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরাণীগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে।;
- ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত হয়ে পুলিশের সঙ্গে কাজ করবে;
- থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নেবে; এবং
- মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে।
সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









-78eff2-256x144.webp)

-c04200-256x144.webp)


