কানাডায় পালিয়ে যাওয়া রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
হারুন আল রশিদ। ফাইল ছবি

মরক্কোয় বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে সরকার। তিনি পালিয়ে কানাডায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার এসব কর্মকাণ্ড গোপন উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। তিনি বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায় থেকে এ ধরনের পোস্ট করে থাকতে পারেন।

শুক্রবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।

বিজ্ঞপ্তিতে করা হয়, মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১১ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন ও অবিলম্বে মন্ত্রণালয়ে যোগ দিতে আদেশ দেয়। কিন্তু তিনি তার পদে বহাল থেকে গত ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব ত্যাগ করেন।

মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে হারুন আল রশিদ বিভিন্ন অজুহাতে তার যাত্রা বিলম্বিত করেন। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে। গত ৬ মার্চ তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরত আসেননি।

হারুন আল রশিদ শুক্রবার তার ফেসবুক প্রোফাইলে একটি লেখা পোস্ট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সেখানে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। তিনি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা এবং বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছেন।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এ ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের রচনা লেখকের গোপন উদ্দেশ্য বা অসৎ অভিসন্ধির ইঙ্গিত দেয় বলেও মন্ত্রণালয় মনে করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারুন আল রশিদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে ‘নির্যাতিত কূটনীতিক’, ‘নির্বাসিত ঔপন্যাসিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ হিসেবে উল্লেখ করেছেন, যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায়ে করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তার ও তার পরিবারের পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মন্ত্রণালয় তার এ কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেবে।

মন্ত্রণালয় কোনো কর্মকর্তা ও কর্মচারীর এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৮ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৮ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১১ ঘণ্টা আগে
Advertisement