জ্বালানি সংকটে স্পট মার্কেট থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২২: ৩৪
জ্বালানি সংকটে স্পট মার্কেট থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে রোজার ঈদের আগে অনুষ্ঠিত সর্বশেষ ক্রয় কমিটির সভায়ও তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। তখন দুই কার্গো দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি এবং একটি যুক্তরাজ্যের একটি কোম্পানি থেকে কেনার সিদ্ধান্ত হয়। তবে এবার দুই কার্গোই যুক্তরাজ্যের কোম্পানি থেকে কেনা হচ্ছে।

বৈঠক শেষে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, স্পট মার্কেট থেকে ‘কম মূল্যে’ এই এলএনজি কেনা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের বৈঠকে যুক্তরাজ্যের কোম্পানি থেকে এক কার্গো এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছিল ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা। কোরিয়ার কোম্পানি থেকে এক কার্গো কেনার ব্যয় ছিল ৮৭৩ কোটি ৩৫ লাখ টাকা। সেখানে এবার যুক্তরাজ্যের কোম্পানি থেকে প্রতি কার্গো এলএনজি কেনা হচ্ছে ৮৩৩ কোটি ৩৯ লাখ টাকায়, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। হিসাব অনুযায়ী, আগের যুক্তরাজ্যভিত্তিক ক্রয়ের তুলনায় প্রায় ৭৪ কোটি টাকা এবং কোরিয়ার কোম্পানির তুলনায় প্রায় ৪০ কোটি টাকা কম খরচ হচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে অতিরিক্ত এলএনজি আমদানির প্রয়োজনীয়তা দেখা দেয়।

চলতি মাসের শুরুতে দেশের জ্বালানি মজুদ সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই জ্বালানি বিভাগ এ সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেয়।

এদিকে ক্রয় কমিটির বৈঠকের দিনই মন্ত্রিসভার বৈঠক থাকায় নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রীর সাংবাদিকদের ব্রিফিং করার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে এলএনজি আমদানির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এদিন বৈঠকে আরও ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন, ইপিআই কর্মসূচির জন্য ইউনিসেফ থেকে ভ্যাকসিন সরাসরি অগ্রিম অর্থে ক্রয় এবং ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement