শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঢাকায় পাঠিয়েছে দিল্লি হাইকমিশন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাটিক্স চেম্বারসের ইমেইলে আবেদনটি হাইকমিশনে পৌঁছানোর পর তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি বলেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌ আবেদনটি সঠিক কি না, সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’
এর আগে সোমবার (৯ নভেম্বর) সকালে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ম্যাটিক্স চেম্বারসের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের দাবি, দেশে ফেরার ঘোষণা দেওয়ার অংশ হিসেবেই শেখ হাসিনা এই আবেদন করেছেন।
এদিকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়টি নিয়ে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি এই আবেদনকে হাস্যকর বলে উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনাকে একজন আসামি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে অভিযুক্ত বা বন্দি হিসেবে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অবস্থান তুলে ধরেন তিনি।














