জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশের সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রগুলোর প্রতিনিধি হিসেবে তিনি এ পদে নির্বাচিত হন।

বুধবার (৭ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এ তথ্য জানিয়েছে। পরিষদের ৬৩তম অধিবেশনে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে সুফিউর রহমানকে নির্বাচিত করা হয়।

কূটনীতিক হিসেবে দীর্ঘ কর্মজীবনে সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার এবং মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার কথা থাকলেও পরে সেই পদে যোগ দেননি সুফিউর রহমান।

১৯৯৯ ও ২০০০ সালে জেনেভায় বাংলাদেশ মিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সুফিউর রহমান। বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন তিনি।

জাতিসংঘ মানবাধিকার পরিষদ উপদেষ্টা কমিটিতে চারটি আঞ্চলিক গ্রুপ থেকে ছয়জনকে সদস্য করেছে। এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সুফিউর রহমানের পাশাপাশি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসও সদস্য নির্বাচিত হয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement