জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে আইনি কর্মকর্তার দায়িত্বে জাইমা রহমান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০৮
ব্যারিস্টার জাইমা রহমান। ফাইল ছবি
ব্যারিস্টার জাইমা রহমান। ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসারের দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। একই কার্যালয়ে আরও পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ওয়েবসাইটে ৮১তম অধিবেশনবিষয়ক এসব তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাইমা রহমান খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার তথা আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।

খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এই কার্যালয়ের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী; মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা; এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র সন্তান। তার দাদা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান, দাদি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া।

জাইমা রহমানের পরিচয় তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের ওয়েবসাইটে বলা হয়েছে, জাইমা রহমান যুক্তরাজ্য ও বাংলাদেশে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যারিস্টার এবং আইন ও নীতিনির্ধারণবিষয়ক পেশাজীবী। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ও রাজনীতিতে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। এরপর অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পলের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন। বর্তমানে বাংলাদেশে আইন পেশায় কাজের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের প্রক্রিয়াও সম্পন্ন করছেন।

জাইমা রহমান যুক্তরাজ্যে আবাসন, সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান আইন নিয়ে কাজ করেছেন বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এ ছাড়া স্বাস্থ্যসেবা খাতে আইনবিষয়ক পরামর্শ ও জনসংযোগের কাজ এবং সামাজিক কল্যাণ ও শিক্ষা আইন নিয়ে বিনা পারিশ্রমিকে (প্রো বোনো) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

জাইমা বাংলাদেশে ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসে’র সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে বলা হয়েছে, সেখানে সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং করসংক্রান্ত বিষয়ে কাজ করেছেন তিনি।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, জাইমা রহমানের আগ্রহের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার, শিক্ষা, লৈঙ্গিক সমতা, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তি। তিনি সামাজিক উন্নয়ন সংস্থা সুরভির পরিচালনা পর্ষদের সদস্য, যেটি সুবিধাবঞ্চিত ও স্কুলের বাইরে থাকা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন গত ৮ সেপ্টেম্বর। তার সভাপতিত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান।

৮১তম সাধারণ পরিষদের সভাপতির অফিসে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় আছেন। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনে কাজ করেছেন।

জাতিসংঘের কর্মকর্তারা জানান, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের কর্মী নন এবং তিনি এ সংস্থা থেকে সরাসরি কোনো নিয়মিত বেতন পান না। সাধারণ পরিষদের সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়ি ভাড়াসহ বিভিন্ন খরচ সাধারণত তার নিজের দেশ বা নিজ সরকার বহন করে থাকে। এ ছাড়া কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও কিছু ব্যয় নির্বাহ করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement