বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দীর্ঘ তিন দশকের কর্মজীবনে রাজস্ব প্রশাসন ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে সমানভাবে পরিচিতি গড়ে তুলেছেন কাজী ইমদাদুল হক। বিসিএস (কর) ক্যাডারের সপ্তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে তিনি কর প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে এনবিআরে কর কমিশনার এবং লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিট (এলটিইউ)-এর অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) বিষয়ে তিনি বাংলাদেশের পক্ষে বৈশ্বিক পরিসরে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সাহিত্য প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন হন এবং জাতীয় টেলিভিশন বিতর্কে টানা তিন বছর শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন।

গবেষক ও লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা (ব্লাক মানি)’ পাঠকমহলে আলোচিত হয়েছে। প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। পাশাপাশি টেলিভিশনে আয়করবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন।

প্রশাসনিক দক্ষতা, সততা ও সৃজনশীলতার সমন্বয়ে কাজী ইমদাদুল হক দেশের সিভিল সার্ভিস ও সাহিত্য অঙ্গনে ইতিবাচক অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে বিএসটিআইয়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement