আগামীর বাংলাদেশ বাকস্বাধীনতা ও সমৃদ্ধির বাংলাদেশ: কৃষিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আগামীর বাংলাদেশ বাকস্বাধীনতা ও সমৃদ্ধির বাংলাদেশ: কৃষিমন্ত্রী

আগামীর বাংলাদেশ বাকস্বাধীনতার বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ উল্লেখ করে নবনিযুক্ত কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার এ লক্ষ্যেই কাজ করবে।

শনিবার কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার গণমানুষের দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে আমিন উর রশীদ বলেন, ‘কুমিল্লাকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়ন করতে আমি মন্ত্রী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করব।’

তিনি বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমি স্থাপন করেছি। আপনারা উৎসাহ দিয়েছেন। এখন কুমিল্লায় এক প্রকার শিল্প বিপ্লব হয়েছে, অনেক কারখানা হয়েছে। এর অগ্রগতি অব্যাহত থাকবে।

মন্ত্রী তার ব্যক্তিগত ত্যাগের কথা উল্লেখ করে বলেন, ‘আমি সরকারি কোনো বেতন-ভাতা গ্রহণ করি না। এমনকি সরকারি গাড়ি বা তেলের খরচও নিই না। ভবিষ্যতেও আমি ব্যক্তিগত খরচেই দায়িত্ব পালন করব। আমার লক্ষ্য কেবল মানুষের সেবা করা।’

সাংবাদিকদের উদ্দেশ্যে আমিন উর রশীদ বলেন, কিভাবে আমার স্ব স্ব বিভাগে কাজ সঠিকভাবে করতে পারি সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমি ভালো কিছু করতে পারব বলে বিশ্বাস করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement