ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল-জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সব কিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।
মঙ্গলবার (৯ জুন) সংসদে ইসলামী ব্যাংকে বিতর্কিত লোক বসিয়ে সরকার লুটপাটের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্যাংকটিতে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একটি মহল পর্দার আড়ালে থেকে ‘গ্রাহক’ সাজিয়ে আন্দোলন করাচ্ছে। বিরোধীদল বিরোধীদলের ভূমিকা পালন করুক, তাতে আপত্তি নেই। কিন্তু বারে বারে এভাবে পর্দার আড়ালে ও পর্দার বাইরে প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।”
ইসলামী ব্যাংকের নিয়োগ এবং টাকা নিয়ে ফেরত না দেওয়া প্রতিষ্ঠানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির চেয়ারম্যান থেকে বোর্ড অব ডিরেক্টর, সবাইকে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে প্রশ্ন করতে হলে আইন পরিবর্তন করে আসতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করা হবে। নাবিলগ্রুপসহ যারা টাকা নিয়ে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে তদন্ত হবে। একই সঙ্গে বিগত সময়ে ‘নিয়ম না মেনে’ ব্যাংকটিতে যে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ‘২৬টি ভুয়া কোম্পানি গঠন করে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সরিয়ে নিয়েছিল এস আলম। আবারও ইসলামী ব্যাংকে বিতর্কিত কিছু লোকজনকে বসিয়েছে সরকার। এর মাধ্যমে জনগণের টাকা লুটপাট হবে। এটা অত্যন্ত পরিষ্কার।’
উল্লেখ্য, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছেন গ্রাহক ও শেয়ারহোল্ডাররা।



















