ধর্ষণের ঘটনায় 'দ্রুত অ্যাকশন' নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণের প্রবণতা বন্ধ করতে এ সংক্রান্ত ঘটনায় 'দ্রুত অ্যাকশন' নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত হয়ে) একটি ডিসিশন নিয়েছে— দেশে এখন যেসব ধর্ষণ মামলা হচ্ছে বা আগে যেগুলো হয়েছে, সবগুলো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সব মন্ত্রণালয় মিলে একটি বিশেষ পদক্ষেপ (স্পেশাল ড্রাইভ) নেওয়া।
প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণ প্রবণতা বন্ধ করার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এসব বিষয়ে খুব দ্রুত অ্যাকশন নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এসব মামলার সঙ্গে রিলেটেড যারা আছেন সবাই মিলে এবং যেখানে যতদূর যাওয়া দরকার সে পর্যন্ত গিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
















