সৌদিগামী ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় ৭ নির্দেশনা বেবিচকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ৬২টি ফ্লাইট ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ৬২টি ফ্লাইট ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় উড়োজাহাজ সংস্থাগুলোকে সাতটি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নির্দেশনায় ফ্লাইটের সর্বশেষ তথ্য জানানো, টিকিট পুনরায় বুকিং ও অর্থ ফেরতে সহায়তা এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থাগুলোকে এসব নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব উড়োজাহাজ সংস্থাকে অবিলম্বে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট বাতিল, বিলম্ব বা সময়সূচিতে পরিবর্তন হলে যাত্রীদের মুঠোফোনে খুদে বার্তা, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানাতে হবে। ফ্লাইটের নতুন সময়সূচি, টিকিট পুনরায় বুকিং, অর্থ ফেরত ও অন্যান্য প্রযোজ্য ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্যও দিতে হবে। ফ্লাইটের অবস্থা নিশ্চিত না হয়ে যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করতে হবে।

ভিসার মেয়াদ বাড়ানো কিংবা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়ে পরামর্শ দিতে হবে।

ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাত্রীদের বসার জায়গা, পানীয় জল, হালকা খাবারসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বেবিচক। এ ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যাত্রীদের বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে।

প্রতিটি উড়োজাহাজ সংস্থাকে যাত্রীদের সহায়তা ও ফ্লাইটসংক্রান্ত তথ্য সমন্বয়ের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করতে হবে। তার নাম, পদবি, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগকে জানাতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই প্রতিনিধিকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

বেবিচক আরও বলেছে, কোনো যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না। যাত্রীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করার পাশাপাশি সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করে বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় বজায় রাখতেও বলা হয়েছে।

সৌদির ফ্লাইট পরিস্থিতি

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ৬২টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯ হাজার ৬৭৪ জন যাত্রী। বেবিচকের গতকাল বিকেল পর্যন্ত পাওয়া এই হিসাবে রিয়াদ এয়ারের যাত্রীরা অন্তর্ভুক্ত নন।

বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এ ছাড়া ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ফ্লাইদুবাই, সালাম এয়ার ও ইজিপ্ট এয়ারের ৩৯টি ট্রানজিট ফ্লাইটও এর আওতায় রয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনসও ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement