শনিবার দেশে আসছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আগামীকাল শনিবার সকালে লন্ডন থেকে দেশে পৌঁছাবে। দেশে আনার পর বাসায় নেওয়া হবে তার মরদেহ। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাকে দেখবেন।
শুক্রবার দুপুরে বিডিনিউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। সেখানে বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তাঁকে সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এরপর গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জানাজার পর পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন তাঁর ছেলে এবং বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী। তিনি বলেন, ‘আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার সকল ভালো কাজ কবুল করে নেন।’















