গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস, অ্যাপের নিরাপত্তা জোরদার করছে পাঠাও

বিপুলসংখ্যক গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার অভিযোগের পর নিজেদের অ্যাপ ও সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও। প্রতিষ্ঠানটি বলেছে, নিরাপত্তাজনিত একটি ঘটনার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাজে লাগানো হচ্ছে।
গত বুধবার পাঠাওয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এর আগে একটি সাইবার অপরাধী চক্র পাঠাওয়ের কোটি কোটি সারি তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করে। ডার্ক ওয়েব পর্যবেক্ষণকারী অ্যাকাউন্ট ডেইলি ডার্ক ওয়েবের এক্স পোস্টে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
ওই পোস্টে বলা হয়, চক্রটি পাঠাওয়ের প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য পাওয়ার দাবি করেছে এবং এর বিনিময়ে ৪ লাখ ডলার চেয়েছে। তাদের দাবি অনুযায়ী, তথ্যভান্ডারটিতে ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৯১৮টি অ্যাকাউন্টের ব্যবহারকারীর তথ্য রয়েছে। এর মধ্যে ইমেইল ঠিকানা, ফোন নম্বর, নাম, পাসওয়ার্ডের হ্যাশ, জিপিএস তথ্য, ফেসবুক আইডি ও অ্যাক্সেস টোকেন থাকার কথা বলা হয়েছে।
তবে পাঠাওয়ের বিবৃতিতে বলা হয়েছে, তাদের কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে যাওয়ার বিষয়টি তারা জানতে পেরেছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে নাম, ইমেইল ঠিকানা ও ফোন নম্বরের মতো তথ্য রয়েছে।
কতজন ব্যবহারকারীর তথ্য আক্রান্ত হয়েছে, কীভাবে এসব তথ্য বেহাত হয়েছে কিংবা কোন নিরাপত্তাত্রুটির কারণে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর কথাও জানিয়েছে পাঠাও।
প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমানে সিস্টেম পুরোপুরি স্থিতিশীল রাখতে কাজ চলছে। এ প্রক্রিয়ায় ব্যবহারকারীরা সাময়িকভাবে কিছু বিচ্ছিন্ন সমস্যার মুখে পড়তে পারেন।
এদিকে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাঠাও। প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহার করে পাঠানো কোনো সন্দেহজনক বার্তা, ফোনকল বা লিংকের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত যোগাযোগের জবাবে পাসওয়ার্ড, পিন কিংবা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।















-84eb26-256x144.webp)