ট্রেড লাইসেন্স পেতে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর সেবা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলা কিউআর লোগো
বাংলা কিউআর লোগো

নগদবিহীন লেনদেন বাড়াতে দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ সেবা গ্রহণ বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন লাইসেন্স নেওয়া কিংবা পুরোনো লাইসেন্স নবায়ন, উভয় ক্ষেত্রেই এ শর্ত মানতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের সময় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান বাংলা কিউআর সেবার আওতায় এসেছে কি না, তা নিশ্চিত করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোর ক্ষেত্রে জেলা প্রশাসকদের মাধ্যমে নির্দেশনাটি কার্যকর করা হবে।

এর আগে গত ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে চিঠি দেয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীরের সই করা চিঠিতে জানানো হয়, বর্তমানে দেশে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছেন।

বাংলাদেশ ব্যাংকের মতে, ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর যুক্ত করা গেলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

চিঠিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ট্রেড লাইসেন্স ইস্যুর সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। নতুন সিদ্ধান্তের মাধ্যমে এবার ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এর ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানও ডিজিটাল লেনদেনের আওতায় আসবে। এতে ব্যবসায়িক লেনদেনে নগদের ওপর নির্ভরতা কমে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়তে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement