সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৬: ১৭
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য দিতে বলা হয়েছে। রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম নোটিস পাঠানোর বিষয়টি জানিয়েছেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের সই করা নোটিসে বলা হয়েছে, এস এম শফিউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই করতে আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে শফিউদ্দিনের বক্তব্য নেওয়াকে অনুসন্ধানের স্বার্থে ‘একান্ত প্রয়োজন’ উল্লেখ করে নোটিসে তাকে নির্ধারিত সময়ে দুদকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

তবে অভিযোগটি এখনো প্রাথমিক অনুসন্ধান পর্যায়েই রয়েছে বলে জানিয়েছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। অন্যদিকে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে অনুসন্ধানটি সেখানেই নিষ্পত্তি হতে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement