যুদ্ধবিরতি: শুক্রবার ইসলামাবাদে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৬: ২৬
যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ইরানের পতাকা। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আগামী শুক্রবার (৯ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে, যা এগোবে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে।

বুধবার (৮ এপ্রিল) ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিটি এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে “সভ্যতা ধ্বংস” করার হুমকি থেকে সরে এসে দুই সপ্তাহের জন্য হামলা “স্থগিত” রাখার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নির্ভর করছে ইরানের ওপর, বিশেষ করে হরমুজ প্রণালি “সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে” খুলে দেওয়ার বিষয়ে সম্মতির ওপর। উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এ প্রণালি অবরুদ্ধ করে। এতে বৈশ্বিকভাবে তেলের দাম বেড়ে যায় এবং বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দেয়।

ইরানের পালটা হামলার প্রভাবও উপসাগর জুড়ে ছড়িয়ে পড়ে। ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে, সেসব দেশে হামলা চালাতে শুরু করে ইরান। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরা একপর্যায়ে ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালায়। ইসরায়েলও এ দুই দেশের ওপর হামলা করে। ফলে সংঘাত আরও বিস্তৃত হয়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের সামরিক লক্ষ্য “অর্জন ও অতিক্রম” করেছে এবং ইরানের সঙ্গে “দীর্ঘমেয়াদি শান্তি” নিয়ে একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার জন্য “কার্যকর ভিত্তি” ও বেশির ভাগ মতবিরোধের জায়গায় দুপক্ষ প্রায় একমত হয়েছে। এই দুই সপ্তাহের সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।”

তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। ট্রাম্প ইরানের ১০ দফা প্রস্তাবের মূল কাঠামো মেনে নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ যুদ্ধবিরতিতে মধ্যস্ততাকারী হিসেবে ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, উভয় পক্ষ “তাৎক্ষণিক যুদ্ধবিরতি”তে সম্মত হয়েছে, যা লেবাননসহ অন্যান্য এলাকাতেও কার্যকর হবে। তিনি উভয় দেশকে ধন্যবাদ জানিয়ে ১০ এপ্রিল ইসলামাবাদে তাদের প্রতিনিধিদলকে আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তাদের ১০ দফা প্রস্তাবে হরমুজ প্রণালিতে ইরানের প্রাধান্য ও তদারকি নিশ্চিত করার কথা বলা হয়েছে, যা দেশটিকে বিশেষ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা দেবে।

এ ছাড়া প্রস্তাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ সংশ্লিষ্ট বাহিনী প্রত্যাহার, মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ, যুদ্ধের ক্ষতিপূরণ, এবং যুক্তরাষ্ট্র, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান।

বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করা এবং যেকোনো চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের কথাও ইরানের শর্তাবলির মধ্যে উল্লেখ রয়েছে।

তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনায় বসতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের “পূর্ণ অবিশ্বাস” রয়েছে। তারা দুই সপ্তাহ সময় দেবে এবং প্রয়োজন হলে পারস্পরিক সম্মতিতে এই সময় বাড়ানো যেতে পারে।

একই সঙ্গে ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, “শত্রুপক্ষের সামান্যতম ভুলের জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে।”

ইরান ও যুক্তরাষ্ট্র আপাতত সম্মত হলেও ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দেশটি ইরান ও লেবাননে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় থাকবে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

শনিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।

৪ ঘণ্টা আগে

রাজস্বনীতি নির্ধারণের প্রক্রিয়া ‘আমলাতন্ত্রমুক্ত’ করার প্রস্তাব জোনায়েদ সাকির

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজস্ব আদায়ের বড় সংকট নীতিগত পর্যায়েই রয়েছে। তাই এনবিআরের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব পৃথক করে বিশেষজ্ঞদের মাধ্যমে নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

৪ ঘণ্টা আগে

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান

গত ২১ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।

৪ ঘণ্টা আগে

চীনের সঙ্গে সমঝোতা স্মারক: নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তনের আশা তথ্যমন্ত্রীর

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষে তিনি ছয়টি এমওইউতে সই করেছেন। এসব সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।

৫ ঘণ্টা আগে