অস্ত্র হাতে ভাইরাল: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামি শিবলু গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
অস্ত্র নিয়ে ভিডিও করে ভাইরাল (বাঁয়ে) শিবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ (ডানে)। ছবি: সংগৃহীত
অস্ত্র নিয়ে ভিডিও করে ভাইরাল (বাঁয়ে) শিবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ (ডানে)। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবলু হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি।

গ্রেপ্তার শিবলুর বিরুদ্ধে হামলা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের একটি মামলাতেও তিনি আসামি।

শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন বলে জানা গেছে। এলাকায় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ।

মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়। শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আজ ভোরে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement