সোহাগ হত্যা: মাহিনকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট ভবন। ফাইল ছবি
হাইকোর্ট ভবন। ফাইল ছবি

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার প্রধান আসামি মাহমুদ হাসান মহিনের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (৪ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে কারাগারে থাকা মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। অধস্তন আদালতে জামিন আবেদন করে ব্যর্থ হওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সেটি রোববার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।

২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে হত্যা করা হয়। হাসপাতালের কাছের রজনী বোস লেনে ভাঙারির ব্যবসা করতেন তিনি। তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের খণ্ড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের তাঁর শরীরের ওপর উঠে লাফাতেও দেখা যায়।

ঘটনার পরদিন ১০ জুলাই সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে গত বছরের ৮ ডিসেম্বর ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে অভিযোগের প্রমাণ না পাওয়ায় ১০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। তবে তদন্তে ত্রুটি থাকার কথা উল্লেখ করে আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন। পরে গত ১০ মে কোতোয়ালি থানার পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ পুনঃতদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।

গত ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement