সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ, এএসপি ফজলুর গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৬: ৪৭
২০২৫ সালের ২১ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গুমের’ অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীকে ‘গুমের ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার হওয়া সাবেক ওই পুলিশ কর্মকর্তার নাম ফজলুর রহমান। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তাকে গতকাল বৃহস্পতিবার রাতে তার রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে।

তবে তার পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠন শুরু থেকেই অভিযোগ করে আসছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। অভিযোগে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

অভিযোগে আরও যাদের নাম রয়েছে, তাদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালের সাবেক বিচারক বিচারপতি এ টি এম ফজলে কবির, সাবেক তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এবং পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়াল রয়েছেন।

সুখরঞ্জন বালী তার অভিযোগে বলেন, ২০১০ সালের জুলাই-আগস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন তাকে পিরোজপুরের পাড়েরহাটের রাজলক্ষ্মী স্কুলে ডেকে ১৯৭১ সালে তার ভাই বিশা বালীর হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চান। তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ভাই নিহত হওয়ার কথা জানালে, দেলাওয়ার হোসাইন সাঈদীর নামও হত্যাকারী হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন সুখরঞ্জন।

পরে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার সঙ্গে যোগাযোগ করে প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরার অনুরোধ করলে তিনি সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে সম্মত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সুখরঞ্জনের দাবি, ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গেলে ফটক থেকে পুলিশ তার চোখ ও হাত বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে জানালাবিহীন একটি কক্ষে প্রায় দুই মাস এবং পরে অন্য একটি স্থানে আরও দুই মাস তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

সুখরঞ্জন আরও অভিযোগ করেন, পরে চোখ বেঁধে তাকে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিজিবির মাধ্যমে তাকে ভারতের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বৈকারী এলাকায় পাঠানো হয়। পরে বিএসএফ তাকে আটক করে বশিরহাট হয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

সুখরঞ্জনের ভাষ্য অনুযায়ী, পরে তার ছেলে ভারতে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন। কারাগারে থাকাকালে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করে নির্যাতনের অভিযোগ নথিভুক্ত করেন। দেশে ফেরার পরও নিরাপত্তাজনিত কারণে তিনি নিজ জেলা পিরোজপুরে ফিরতে পারেননি এবং আত্মগোপনে বসবাস করছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফের বাড়ল সোনা ও রুপার দাম

বাজুস জানিয়েছে, অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে।

৩ ঘণ্টা আগে

ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় বন্যার শঙ্কা, সতর্ক করল এফএফডব্লিউসি

আগামী ৪ থেকে ৭ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

৪ ঘণ্টা আগে

৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

অন্যদিকে রাজধানী ও আশপাশের এলাকার আবহাওয়াও পুরোপুরি শুষ্ক থাকবে না বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

৮ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন

আট মামলায় গ্রেপ্তার থাকা খায়রুল হক দুদিন আগে গত মঙ্গলবার (৩০ জুন) শেষ মামলাটিতেও জামিন পেয়েছিলেন। ওই তিন তার আইনজীবীরা জানান, এর ফলে তার মুক্তিতে বাধা নেই। দুদিন পরই পুলিশ তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল।

২০ ঘণ্টা আগে